অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আগামী ডিসেম্বর থেকেই রাজ্যে ফের চালু হতে চলেছে স্কুল ও কলেজ। করোনা পরিস্থিতির জেরে গত ৮ মাস ধরে বন্ধ স্কুল কলেজের গেট। তবে পরের মাস থেকেই আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফিরে পাবে তাদের পড়ুয়াদের। আজ, সোমবার একথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তবে ঠিক কোন তারিখ থেকে স্কুলে বা কলেজে ক্লাস শুরু হবে, এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও ধারণা মেলেনি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। তবে এই বিষয় নিয়ে কালীপুজোর পরেই বৈঠকে বসা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এই করোনা পরিস্থিতিতে কীভাবে ক্লাস হবে বা কী সচেনতা অবলম্বন করা হবে এ নিয়েও বিস্তরে আলোচনা হবে বৈঠকে। পড়ুয়ারা ভাগে ভাগে স্কুল বা কলেজে আসবে কী না, এ নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। কালীপুজোর পরে জানা যাবে, আদৌ কী উপায়ে পড়ুয়ারা ফের ফিরে পাবে তাদের ‘ইস্কুল বাড়ি’।





