সরকারি প্রকল্পে গরিবদের কাছ থেকে টাকা কাটমানি (Katmani) নেওয়ার হিসাব চেয়ে তৃণমূল নেতার নাম উল্লেখ করে বর্ধমানে পড়ল পোস্টার। পত্রলেখা বসু চন্দ্র (Patralekha Basu Chandra), বর্ধমানের এই তৃণমূল নেতার (TMC leader) নাম উল্লেখ করেই পোস্টার পড়েছে। সেই পোস্টারে কাটমানি ও কমিশনের নাম করে খাওয়া টাকার হিসেব চাওয়া হয়েছে।
শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট জায়গায় নয়, পোস্টার পড়েছে শহরের বেশ কয়েটি জায়গায়। সরকারি প্রকল্পে গরিবদের টাকা থেকে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে এই পোস্টারে। শুধু মাত্র খাওয়া টাকার হিসেব চাওয়াই নয়, সেই টাকা ফেরত চাওয়ার দাবিও জানানো হয়েছে পোস্টারে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির (Galsi) এক নম্বর ব্লকের উচ্চগ্রামে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সাদা কাগজে লালকালিতে স্পষ্ট করে লেখা ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে, পঞ্চায়েতে একশো দিনের কাজে দুর্নীতি, সরকারি প্রকল্পে গরিবদের থেকে ঘর তৈরি। ঠিকাদারের কাছ থেকে কমিশন, পানীয় জল প্রকল্পে দুর্নীতি সহ একধিক প্রকল্প দুর্নীতির হিসেব চাওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এলাকার দাপুটে তৃণমূল নেতাদের নামও রয়েছে ওই পোস্টারে। তাঁরা হলেন, তৃণমূল নেতা সরোজ চক্রবর্তী ও আক্কেল আলির নাম রয়েছে।
গ্রামের বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় লালকালিতে লেখা এই পোস্টার পড়েছে। রাতের অন্ধকারের সুযোগে কেউ বা কারা এই পোস্টার ফেলেছে বলে দাবি তৃণমূলের। তৃণমূলের ইঙ্গিত বিজেপির দিকে হলেও স্থানীয় বিজেপি নেতা রাজু পাত্রর পাল্টা দাবি, তৃণমূলের অপর গোষ্ঠী এই পোস্টার লাগিয়েছে। শাসকদলের গোষ্ঠী কোন্দলে এই ঘটনা বলে দাবি তাঁদের।





