কৃষকদের জন্য নয়া ভাবনা এবার বিজ্ঞানীদের। নতুন উপহার আনলেন CMERI অর্থাৎ Central Mechanical Engineering Research Institute-এর বিজ্ঞানীরা। কৃষকদের কথা মাথায় রেখেই এবার তৈরি করা হল বিদ্যুৎচালিত ট্রাক্টর। এতে এক ঘণ্টা চার্জ দিলেই ৪ ঘণ্টা চলবে।
জ্বালানির দামের জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। বর্তমানে বাইক হোক বা গাড়ি, জ্বালানির জ্বালা থেকে রেহাই পেতে অনেকেই ব্যাটারিচালিত গাড়ির দিকে ঝুঁকছে। একথা মাথায় রেখেই এবার কৃষকদের জন্যও ইলেকট্রিক ট্রাক্টর আনলেন বিজ্ঞানীরা।
এই বিদ্যুৎচালিত ট্রাক্টরে কোনও জ্বালানি লাগবে না। এই ই-ট্রাক্টর চলবে লিথিয়াম ব্যাটারিতে। এই ট্রাক্টরে মাত্র ১ ঘণ্টা চার্জ দিলেই তা ৪ ঘণ্টা চলবে। শুধুমাত্র লাঙল দেওয়াই নয়, এই ই-ট্রাক্টর পণ্য বহনের ক্ষেত্রেও কাজে লাগবে।
বিজ্ঞানীদের আশা, বর্তমান সময়ে এই ট্রাক্টর ব্যবহারে কৃষকরা যথেষ্ট উপকৃত হবেন। জানা গিয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীবছরই বাজারে আসবে এই ই-ট্রাক্টর। এই ব্যাটারিচালিত ট্রাক্টর কৃষিক্ষেত্রে অগ্রগতির নতুন দিক খুলে দেবে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী, এই ধরণের ট্রাক্টরের ব্যাটারির আয়ু ৫ বছরের বেশি।





