‘একবার নিজের চোখে এসেই দেখে যান, কেমন কাজ করেছি’, দুবাইয়ের শিল্প সম্মেলন থেকে বাংলার উন্নতির খতিয়ান তুলে ধরলেন মমতা

স্পেন থেকে দুবাই গিয়েছেন তিনি। মরুরাজ্যে শিল্পে লগ্নি টানতে আজ, শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর বার্তা, “নিজের চোখে এসে দেখুন, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে”। এভাবেই দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য মহলের কাছে লগ্নির আবেদন করেন মমতা।

বিদেশ থেকে শিল্পে লগ্নি টানতে ১২ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফরের পর দুবাইয়ে রয়েছেন তিনি বর্তমানে। আজ, শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলন থেকে লগ্নির জন্য মমতা কী কী বার্তা দেন, তা জানার জন্য উৎসুক ছিলেন সকলেই। এদিন পরিষ্কারভাবেই বাংলার উন্নতির খতিয়ান তুলে ধরেন মমতা। বাংলায় কী কী উন্নতি হয়েছে, আগের থেকে কতটা পরিবর্তন এসেছে বাংলায়, তা নিয়ে বক্তব্য রাখেন মমতা।

মমতা বলেন, “দুবাইয়ের শিল্পবন্ধুদের প্রতি তাঁর বার্তা, “আপনারা একবার বাংলায় এসে নিজের চোখে দেখে যান আমরা কেমন কাজ করছি আর কীভাবে কাজ করছি। আমাদের এখানে সিলিকন ভ্যালির মতো একটা প্রযুক্তি ক্ষেত্রও আছে। আমরা সব ক্ষেত্রে কাজে এগিয়ে চলেছি”।

মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলায় প্রতিভার অভাব নেই, উদ্যমের ঘাটতি নেই। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে অনেকের কর্মসংস্থান হচ্ছে। আন্তর্জাতিক স্তরে তা সমাদৃত। সবদিক থেকে সমৃদ্ধ বাংলা। শুধু আপনারা এখানে আসুন, বুঝতে পারবেন কেন এখানে বিনিয়োগ করা লাভজনক হবে”। আগামী নভেম্বর মাসে বাংলায় বিশ্ববঙ্গ সম্মেলনে যোগ দেওয়ার জন্য দুবাইকে আমন্ত্রণও জানান মমতা এদিন।

বলে রাখি, আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য় সরকার। দুবাইয়ে দাঁড়িয়ে সেই সম্মেলনে যোগদানের জন্য ‘ওপেন ইনভিটেশন’ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি চান, দুবাইয়ের শিল্প’বন্ধু’রা বাণিজ্য সম্মেলনের অংশীদার হোক।

RELATED Articles