নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি তৃণমূলের, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা, এলাকায় জারি ১৪৪ ধারা

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ, রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি করবে তৃণমূল। মঞ্চ বেঁধে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে নিশীথ প্রামাণিকের বাড়ির চারপাশে ১০০ মিটারের মধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। এলাকায় জারি ১৪৪ ধারা। বিশাল পুলিশবাহিনী রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির কাছেই।

পাচারকারী সন্দেহে কোচবিহারের যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু হয় বিএসএফের গুলিতে। এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই কর্মসূচি ঘিরে চাপা উত্তেজনা রয়েছে ভেটাগুড়ির চৌপট্টি এলাকায়।

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে ৪০০ মিটার দূরে মঞ্চ বেঁধেছে তৃণমূল। সেখানেই বেলা ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালাবে ঘাসফুল শিবির। তবে এই কর্মসূচি ঘিরে কোনও ধরণের অশান্তি এড়াতে জেলা প্রশাসন বেশ তৎপর।

এই কারণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির ১০০ মিটারের মধ্যে এদিন সকাল থেকেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর ফলে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি যে তৃণমূল করতে পারবে না, তা বেশ স্পষ্ট। শুধুমাত্র মঞ্চে বসেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে তাদের।

নিশীথ প্রামাণিক যদিও আজ বাড়িতে নেই। তবুও নিরাপত্তার কথা মাথায় রেখে দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির গলির মুখে। প্রায় দু’শোর বেশি পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। দিনহাটার মহকুমাশাসক রেহানা বসির উপস্থিত রয়েছেন এলাকায়। নিশীথ প্রামাণিকের বাড়ির ১০০ মিটারের মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এমন নির্দেশিকার পর এবার তৃণমূল কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর