সবক্ষেত্রে দুর্নীতি! চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড রাজ্যের সরকারি হাসপাতালে

টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি, তারপর সেই টাকা আত্মসাৎ, ফের এমনই অভিযোগ উঠল রাজ্যে। এবার এমন অভিযোগ এল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে। এই অভিযোগে হাসপাতালের সিকিউরিটি হেডকে আটক করে বহরমপুর পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

আজ, বুধবার অভিযুক্ত উদয়নারায়ণ গোস্বামীকে ঘিরে হাসপাতালে বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। তাদের দাবী, করোনা পরিস্থিতির সময় অর্থাৎ ২০২১ সালে মোট ১১৯ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়োগ করা হয়েছিল নিরাপত্তারক্ষী হিসেবে। অধিকাংশ যুবক-যুবতীর থেকেই চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছিল।

অভিযোগকারীরা জানান, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ৬০ বছর পর্যন্ত অস্থায়ী চাকরি থাকবে তাদের। কিন্তু বাস্তবে তা হয়নি। কেউ কেউ মাত্র ৬-৮ মাস নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন। তারপর চাকরি চলে গিয়েছে তাদের। এরপর থেকেই দু’বছর ধরে বসে রয়েছেন তারা। চাকরি না থাকায় প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এই গোটা বিষয়টির সঙ্গে এই হাসপাতালের সিকিউরিটি হেড যুক্ত বলে দাবী অভিযোগকারীদের।  

আজ, বুধবার দুপুরে অভিযোগকারীরা হাসপাতালে এসে ওই নিরাপত্তারক্ষীকে পাকড়াও করেন। টানা হ্যাঁচড়া চলে। হাসপাতালের ভিতর ধুন্ধুমার পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ।

পুলিশ এসে ওই অভিযুক্ত সিকিউরিটি হেডকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও ওই সিকিউরিটি হেডের দাবী, তিনি নির্দোষ। তিনি এই বিষয়ে কিছু জানেন না। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর