বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়ল অর্জুন সিং (Arjun Singh) এর কনভয় (Convoy)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন কম্যান্ডো। এঁদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে মিনাখাঁ থানার বালিরহাটে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মিনাখাঁ থানার পুলিশ।
আজ অর্থাৎ বুধবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছিলেন সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খাঁ, ও ডাক্তার সুভাষ সরকার। বেলা সাড়ে দশটা নাগাদ মিনাখাঁ থানার বালিরহাটে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার মুখে অর্জুন সিংয়ের কনভয়ে থাকা একটি গাড়ি। এলাকার মানুষই ছুটে এসে জখম নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়ির পেছনের চাকা ফেটে গিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তখন ছিলেন অর্জুন সিংয়ের নিরাপত্তারক্ষীরা। তাঁদের মাথায়, হাতে ও পায়ে চোট লেগেছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষ ও পথচলতি মানুষরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।





