আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সমর্থনে অনশন করছেন সিনিয়র চিকিৎসকরাও। এবার আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক দিলেন গণ ইস্তফা। আন্দোলনের ঝাঁঝ এবার আরও তীব্র।
আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার ২ মাস কেটে গিয়েছে। তবে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনের আঁচ কিন্তু কমে নি। রাজ্যের নানান প্রান্তে উৎসবের আবহের মধ্যেই চলছে আন্দোলন। গতি বাড়ছে প্রতিবাদের। আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবার সিনিয়র চিকিৎসকদের এমন এক পদক্ষেপের জেরে আন্দোলনের তীব্রতা আরও জোরালো হল।
আজ, মঙ্গলবার ঘটল এক বড় ঘটনা। আর জি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক এবার গণ ইস্তফা দিলেন। নানান বিভাগীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়া হয়েছে বলে খবর। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এমন সিদ্ধান্ত নিলেন সিনিয়র চিকিৎসকরা। পুজোর আগে এমন ঘটনা ঘটায় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তা বলাই বাহুল্য।

সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, গত শনিবার থেকে জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন। আড়াই দিনের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু রাজ্যের তরফে এখনও জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া ১০ দফা দাবী নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। সেই ঘটনার প্রতিবাদেই এবার গণ ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকরা।
বলে রাখি, আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের ডাকে রাজ্যজুড়ে প্রতীকী অনশন করছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনার ন্যায় বিচার থেকে শুরু করে হাসপাতালে তগ্রেট কালচার, কলেজে ভর্তিতে দুর্নীতির বিরুদ্ধে সরকার যতক্ষণ না পদক্ষেপ করছে, ততক্ষণ তাদের এই অনশন চলবে।






