আজ, সোমবার চতুর্থী। আর পুজো শুরুর মুখেই এল আরও এক বড় দুঃসংবাদ। কয়লাখনিতে মৃত্যু ৭ শ্রমিকের। এই সংখ্যা আরপ বাড়তে পারে বলে আশঙ্কা। কয়লাখনিতে বিস্ফোরণের জেরেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে খবর।
এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে। কয়লাখনিতে বিস্ফোরণের জেরে মৃত্যু একাধিকের। প্রথমে ৫ জনের দেহ বের করে আনা হয়। পরে উদ্ধার হয় আরও ২ জনের দেহ। খনির ভিতর এখনও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আজ, সোমবার সকালে এই কয়লাখনিতে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু খনির ভিতর শ্রমিকরা ছিল কী না, তা দেখাই হয় নি। এমন অসাবধানতার জেরে চাপা পড়ে যান শ্রমিকরা। প্রথমে উদ্ধার হয় ৫ জনের মৃতদেহ। এরপর আরও ২ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক শ্রমিক। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।
ঘটনার খবর পেয়েই সেখানে যায় পুলিশ। এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। এই খনিটি পিডিসিএলের লিজ নেওয়া বলে জানা গিয়েছে। এটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা। সেই খনিতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটায় তা নিয়ে বিক্ষোভ ছড়িয়েছে। অসাবধানতার জেরেই কী এমন বিস্ফোরণ ঘটল? খনিতে কেউ রয়েছে কী না, তা কেন দেখা হল না? এই ঘটনার দায় কে নেবে? তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়ররা, এবার অনশনে বসলেন সিনিয়র চিকিৎসকরা, ন্যায় বিচারের দাবীতে অনড় সকলে
এই ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান উচ্চপদস্থ আধিকারিকরা, এমনটাই অভিযোগ। আর এর জেরে সন্দেহ আরও বেড়েছে। এই বিস্ফোরণের নেপথ্যে কী কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই উত্তাল পরিস্থিতি সামাল দেওয়া একটা বড় কাজ,। এখনও কেউ খনির নীচে চাপা পড়ে রয়েছেন কী না, তা দেখতে চলছে উদ্ধারকাজ।





