মহালয়ায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন নিজেরাই, গঙ্গায় তলিয়ে গিয়ে রাজ্যজুড়ে নিখোঁজ একাধিক

আজ ছিল মহালয়া। এদিন পিতৃপুরুষদের জল দেওয়ার উদ্দেশে গঙ্গায় গিয়ে তর্পণ করার রীতি রয়েছে। কিন্তু এই রীতি পালন করতে গিয়েই প্রাণ হারালেন বহু মানুষ। এখনও গঙ্গায় তলিয়ে নিখোঁজ অনেকেই। দেবীপক্ষের সূচনাতেই এল একাধিক খারাপ খবর।

এদিন ভোর চারটে নাগাদ বেলুড়ের পালঘাটে স্নান করতে গিয়েছিলেন বছর তিপান্নর সত্যবালা ঘোষ। জোয়ার থাকায় ডুবে যান তিনি। বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর আরও সতর্ক হয় প্রশাসন।

আবার উত্তরপাড়ার বি বি স্ট্রিটে তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যান অন্তত ৭ জন। তর্পণের সময় বান আসে। বানের সময় জানা থাকলেও পুলিশ সতর্ক করে নি বলে অভিযোগ। ফলে তলিয়ে যান ৭ জন। এদের মধ্যে তিনজনকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ও উচ্চপদস্থ কর্তারা।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অজয় নদীতেও তলিয়ে গেলেন শ্রীধর চট্টোপাধ্যায় নামে ৬৫ বছরের এক প্রৌঢ়। তাঁর বাড়ি কাঁকসার বামুনারা এলাকায়। মহালয়ার দিন সকালে ছয় বন্ধুর সঙ্গে অজয় নদে তর্পণ করতে যান তিনি। বালি তোলার কারণে নদীর ভিতর গভীর গর্ত ছিল। ফলে জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান ওই প্রৌঢ়। 

অন্যদিকে, পানিহাটির গিরিবালা গঙ্গাঘাটেও শেখর মণ্ডল নামের এক বৃদ্ধ গিয়েছিলেন স্নান করতে। গঙ্গায় ডুব দিয়ে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় গঙ্গায় তলিয়ে যান ওই বৃদ্ধ।

RELATED Articles