রাজ্যের ১৪টি জায়গা চিহ্নিত হল কন্টেনমেন্ট জোন হিসেবে, ফের কী লকডাউনের পথে হাঁটছে বাংলা?

চিকিৎসক মহল থেকে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। আর এবার দুর্গাপুজো শেষ হতেই সামনে এল আসল চিত্র। ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। এমন পরিস্থিতিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হল।

জানা গিয়েছে, হাওড়ার ১৪টি জায়গাকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই এই সিদ্ধান্ত। গতকাল, শনিবার হাওড়া জেলা প্রশাসনের তরফে একথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার ১০টি ওয়ার্ডের এই জায়গাগুলিকে চিহ্নিত করে তালিকাও প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, হাওড়া শহর অঞ্চলের নানান থানা এলাকায় সাপ্তাহিক লকডাউন চলছে। করোনা পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে হাওড়া প্রশাসনের তরফে।

বলে রাখি, গত ১৫ই অক্টোবর হাওড়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩৬। কিন্তু গতকাল, শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, সেই জেলায় নতুন করে ৭৬ জন আক্রান্ত হয়েছেন। তা ছাড়া, এই কয়েকদিনে সংক্রমণের জেরে পাঁচ জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। ফলে সংক্রমণে রাশ টানতে ফের কড়া বিধিনিষেধের পথেই হাঁটল প্রশাসন।

RELATED Articles