আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য উত্তাল। অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। টানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেক জুনিয়র চিকিৎসক। কিন্তু নিজেদের দাবীতে অনড় তারা। এবার তাদের এই আন্দোলনের পাশে দাঁড়াল বেসরকারি হাসপাতালও। শহরের একাধিক হাসপাতালের চিকিৎসকরা এবার কর্মবিরতির পথে।
বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা আংশিক পালন করবেন। আজ, সোমবার ও আগামীকাল, মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। চিকিৎসকরা জানান, তারা পার্ট বাই পার্ট কর্মবিরতি পালন করবেন। আজ, সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত তাদের এই আংশিক কর্মবিরতি চলবে। তবে রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেই জন্য তারা বিকল্প ব্যবস্থাও রাখছেন বলে জানিয়েছেন।
বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কথায়, আর জি করের তরুণী চিকিৎসক যাতে ন্যায় বিচার পান, সেই জন্যই তাদের এই পদক্ষেপ। এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা যে ১০ দফা দাবীতে অনশন করছেন, তাদের সেই আন্দোলনকে সমর্থন করেও তাদের এই কর্মবিরতির সিদ্ধান্ত বলে জানান তারা। তাদের কথায়, জুনিয়র চিকিৎরসকদের দাবী ন্যায্য। সরকার যদি কোনও সদর্থক ভূমিকা না নেয়, তাহলে তারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন বলেও জানালেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। এর জেরে গোটা স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, পিয়ারলেস, ফর্টিস হাসপাতালের তরফে সোমবার ও মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার কিছু হাসপাতালের তরফেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকে বিড়লা, কোঠারি, উডল্যান্ড ও আরও নানান বেসরকারি হাসপাতাল পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পর্যন্ত জরুরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েচে মেডিকা স্পেশ্যালিটি হাসপাতাল। আংশিক কর্মবিরতি করছে আরএন টেগোর, মণিপাল, অ্যাপোলো-সহ নানান বেসরকারি হাসপাতাল।
আরও পড়ুনঃ প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি পুলস্ত্য আচার্য, অনিকেত-অনুষ্টুপের পর ফের গুরুতর অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক
এক আন্দোলনকারী সিনিয়র চিকিৎসক বলেন, “এই আন্দোলন কেবলমাত্র ডাক্তারদের নয়। জুনিয়র চিকিৎসকরা যে দশ দফা দাবীর কথা বলছেন, সেখানে কিন্তু কোনও ব্যক্তিস্বার্থ নেই। তাতে স্বাস্থ্য পরিষেবারই উন্নতি হবে। সাধারণ মানুষ, যাঁরা সরকারি জায়গাতে পরিষেবা নিতে যান, তাঁদের স্বার্থেও। আমি জানি এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে জরুরি পরিষেবা জারি রয়েছে”।





