পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙন শাসকদলে! খোদ মন্ত্রীর গড় থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অঞ্চল সহ-সভাপতি সহ একাধিক কর্মী

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বড় ভাঙন দেখা দিল তৃণমূলে। এবার ভাঙন ধরল খোদ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গড় তুফানগঞ্জে। ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি ও একাধিক কর্মী।

গতকাল, শনিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কর্মী সমাবেশ ছিল বিজেপির। সেখানেই তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বিশ্বজিৎ দে-সহ তৃণমূলের একাধিক কর্মী-সমর্থক গেরুয়া পতাকা হাতে তুলে নেন।

এই যোগদানের বিষয়ে বিজেপি জানিয়েছে, তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়  তৃণমূলের সহ-সভাপতি সহ ৫১টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। গেরুয়া শিবিরের মতে, রাজ্যের শাসকদলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সকলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই তৃণমূল নেতা-কর্মীরা।  

এদিন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহ-সভপতি বিশ্বজিৎ দে বলেন, “আমি এলাকায় সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু তৃণমূলে সেই পরিস্থিতি নেই। কাজ করতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়। তাই আমি সেখানে কাজ করতে না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। কারণ আমি আমার স্বার্থে কখনও দল করিনি। আগামীতেও করব না”।

শুধু তাই-ই নয়, এদিন নিজের প্রাক্তন দলে গোষ্ঠীকোন্দলের অভিযোগও তোলেন তিনি। বলেন, “দলের মধ্যে এতটাই গোষ্ঠীকোন্দল, যা নিয়ে কোন ভালোমানুষ কাজ করতে পারবে না। তাই বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। এখন থেকে বিজেপির হয়ে এলাকায় কাজকর্ম করব”।

বিশ্বজিৎ দে-র দল ছাড়ার কারণ তুলে ধরে বিজেপি বিধায়ক মালতি রাভা বলেন, “নীতিভ্রষ্ট দলে ভালো মানুষ থাকতে পারে না”।

RELATED Articles