বর্ধমান স্টেশনের কাছে পুরনো ওভারব্রিজ ভেঙে ফেলা হয়েছে। এই কারণে, আজ, বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত বর্ধমান-হাওড়া শাখার সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। এর আগে ৫ই ফেব্রুয়ারি এই কাজের জন্য গোটা দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। আজ বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় হাতেগোনা কিছু ট্রেন চলছে। বেশিরভাগ লোকাল ট্রেনই বন্ধ। আবার বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এর জেরে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
রেল সূত্রে খবর, আজ, ৯ ফেব্রুয়ারি শক্তিগড় ও মশাগ্রাম স্টেশন থেকে স্পেশ্যাল কয়েকটি ট্রেন হাওড়া যাতায়াত করছে। কয়েকটি ট্রেনের আবার যাত্রাপথ আবার সংক্ষিপ্তও করা হয়েছে বলে জানা গিয়েছে। মেনলাইনের জন্য শক্তিগড় পর্যন্ত রয়েছে স্পেশ্যাল ট্রেন। অপরদিকে, কর্ড লাইনের জন্য স্পেশ্যাল কয়েকটি ট্রেন মশাগ্রাম পর্যন্ত রয়েছে।
আজ, বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই বর্ধমান স্টেশনের পাশে পুরনো ব্রিজের কাঠামো তুলে দেওয়া হয়েছে। স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের উপরে থাকা বিম সরিয়ে পরিষ্কারের কাজ চলছে এখন। এর পাশাপাশি ওভারহেডের তার সংযোগ করা হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফের ব্লক নেওয়া হয়েছে বর্ধমান স্টেশনে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি গোটা দিন বর্ধমান স্টেশন ব্লক নেওয়া হয়। সেদিন গোটা দিন ট্রেন চলাচল কার্যত বন্ধ ছিল। ওইদিন বর্ধমান স্টেশনে হাতেগোনা কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন চলছিল। এর আগে বর্ধমান স্টেশনের ৩ থেকে ৮ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মে পুরনো ওভারব্রিজের কাঠামো সরানো হয়েছিল। আর এবার ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের কাঠামো সরানো হল।
দফায় দফায় এমন ট্রেন বাতিলের জেরে বেশ দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। মেইন ও কর্ড লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। কতদিন এমন দুর্ভোগ চলবে, তা নিয়ে রেলকে প্রশ্ন করেছেন যাত্রীরা। জানা যাচ্ছে, আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।





