গত রবিবার ক্যামাক স্ট্রীটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে যান আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। সেখানে অভিষেকের হাত থেকে উত্তরীয় পরেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে কম জলঘোলা হয়নি। এবার সেই সুমনকেই নতুন পদে বসাল রাজ্য সরকার (State Government)।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসানো হল সুমন কাঞ্জিলালকে। এই পদ আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গের রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলেই অনেকে মনে করেন।
তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। প্রসঙ্গত, একুশের ভোটে এই সৌরভকে হারিয়েই বিজেপির জন্য জিতেছিলেন সুমন। অনেকের মতে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌরভের দূরত্ব তৈরি হয়েছিলই আগের থেকে। এদিন তা আরও প্রকট হল। সুমনকে এই পদে বসানোর সিদ্ধান্তকে সৌরভের ডানা ছাঁটা হিসেবে দেখানো হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।
সুমন কাঞ্জিলাল অভিষেকের অফিস থেকে ফেরার পর বলেছিলেন তিনি নাকি মানুষের জন্য কাজ করতে পারছেন না। এবার গেল তাঁকেই জনকল্যাণের দায়িত্ব দিল স্বাস্থ্য ভবন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার প্রভাব সার্বিকভাবে না পড়লেও জেলা রাজনীতিতে এর বেশ গুরুত্ব রয়েছে। আর আলিপুরদুয়ারের মতো ছোটো জেলার ক্ষেত্রে তো রয়েছেই। ওয়াকিবহাল মহলের মতে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত হলেও, তৃণমূল হয়ত এর মাধ্যমে জেলার সংগঠনকে সুমনের গুরুত্ব বোঝাতে চাইল।





