‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম তুলতে গিয়ে বিপত্তি, হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন বেশ কয়েকজন মহিলা

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলার প্রথমদিনই ঘটল বিপত্তি। চরম বিশৃঙ্খলার পরিবেশ দেখা গেল বীরভূমে। এই জেলার মুরারইয়ে ফর্ম বিলি করা হয়। এই ফর্ম পাওয়ার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হলেন বেশ কয়েকজন মহিলা। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মহিলাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ, সোমবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি করা হবে বলে বলে পঞ্চায়েতের তরফে ঘোষণা করা হয়। সেই অনুযায়ীই আজ সকালের অক্ষয়কুমার ইনস্টিটিউটের সামনে জড়ো হয় বহু মানুষ।

আরও পড়ুন- গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি কর্মসূচিতে বাধা পুলিশের, গ্রেফতার শুভেন্দু, দিলীপ

সকাল ১০টায় ইনস্টিটিউট খুলতেই দেখা দেয় বিপত্তি। ভিতরে ঢোকার জন্য সবাই মিলে হুড়োহুড়ি করতে থাকে। এর জেরে ভিড়ের চাপে মাটিতে পড়ে যান কয়েকজন মহিলা। মানুষজন তাদের না তুলে তাদের উপর দিয়েই চলে যান। এর জেরে পদপিষ্ট হন কয়েকজন মহিলা।

আহত মহিলাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে খবর। আবার অনেকেরই ব্যাগ, মোবাইল হারিয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে ফর্ম বিলিই বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। এত ভিড় জমছে দেখেও আগের থেকে কেন কোনও পদক্ষেপ নেওয়া হল না, এ নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও।

আরও পড়ুন- ‘খেলা’র অনুমতি মিলল না উত্তরপ্রদেশ, গুজরাতে, বাতিল হল তৃণমূলের সমস্ত কর্মসূচি

এক স্থানীয় বিজেপি নেতা বলেন, “ভোটের আগে সমস্ত মহিলাকে মাসিক ভাতা দেবেন বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাছবিচার কেন? কেন ফর্ম পূরণ করতে গিয়ে নিদারুণ অভিজ্ঞতার মুখে পড়তে হবে বাড়ির মেয়ে-বউদের”?

RELATED Articles