হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর এবার কী বিজেপিও ছাড়ার পথে শান্তনু ঠাকুর? রুদ্ধদ্বার বৈঠকেই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’

গতকাল, সোমবারই বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আজ, মঙ্গলবার বিকেল পাঁচটায় বিজেপির পাঁচ বিদ্রোহী বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে শান্তনু ঠাকুরের। সেই বৈঠকেই কী কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি? এমনই প্রশ্ন উঠছে বঙ্গ রাজনীতিতে।

বিজেপি সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। গতকাল, সোমবার বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর শান্তনু ঠাকুর বলেন, “বঙ্গ বিজেপি-র বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। সময়মতো সব জবাব দেব”।

কিছুদিন আগেই বিজেপি-র পাঁচ বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন। আজ, মঙ্গলবার তাঁদের সঙ্গেই রুদ্ধদ্বার বৈঠকে বসে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন শান্তনু ঠাকুর, এমনটাই জানা যাচ্ছে।

বিজেপির নতুন রাজ্য পদাধিকারীমণ্ডলী ও জেল সভাপতিদের মধ্যে কোনও মতুয়া প্রতিনিধি নেই। এটাই ছিল শান্তনুর আসল ক্ষোভের কারণ। বিজেপি সূত্রে খবর, শান্তনু দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন।

তিনি তাদের কাছে দাবী করেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য পদাধিকারীমণ্ডলীতে মতুয়া প্রতিনিধি আনতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তাঁর সেই দাবী মানা হয়নি। এরপরই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা জানান শান্তনু ঠাকুর।

RELATED Articles