আর লড়তে চান না নির্বাচনে! আসানসোলে নতুন ‘খেলোয়াড়’ আনার পক্ষে শত্রুঘ্ন সিনহা, তৃণমূল ছাড়ছেন ‘বিহারীবাবু’?

সামনেই লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। চলছে প্রস্তুতি। এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু প্রার্থীদের নাম নিয়ে আলোচনা এখন চর্চায়। এমন আবহে তৃণমূলের প্রার্থী নিয়ে চলছে বেশ বিতর্ক। কিছুদিন আগেই শোনা গিয়েছিল দেব সাংসদ পদ ছাড়তে চাইছেন। যদিও তৃণমূল সুপ্রিমো ও তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ডের সঙ্গে বৈঠকে তা আপাতত হচ্ছে না। তবে তারকা-সাংসদ মিমি চক্রবর্তী আর ভোটে লড়বেন বলেই জানিয়ে দিয়েছেন। সাংসদ পদ ছেড়েছেন তিনি। এবার তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে চাইছেন না তৃণমূলের আরও এক তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা।

প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহা আসানসোল সাংসদ। ১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে জিতে সেখানে সাংসদ হন বাবুল সুপ্রিয়। কিন্তু ২০২১ সালে বাবুল সুপ্রিয় যখন সাংসদ পদ ত্যাগ করে তৃণমূলে যোগ দেন, তখন আসানসোল সাংসদহীন হয়ে পড়ে। পরবর্তীতে উপনির্বাচনে জিতে সেখানে তৃণমূল সাংসদ হন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তবে সূত্র বলছে, এবার আর তিনি সেই আসন থেকে লড়তে চাইছেন না।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ‘বিহারীবাবু’র?

তৃণমূল সূত্রে খবর, শত্রুঘ্ন সিনহা আর ভোটে দাঁড়াতে চাইছেন না। তাঁর বয়স এই মুহূর্তে ৭৭। কিছুদিন পরই ৭৮-এ পা দেবেন তিনি। বয়সের কারণে তিনি নিজের সংসদীয় এলাকাতেও যেতে পারেন না। সেখানকার মানুষদের সঙ্গে কথা নেই তাঁর। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভও রয়েছে বিস্তর। শত্রুঘ্ন সিনহা ‘নিখোঁজ’ বলে পোস্টারও পড়েছিল আসানসোলে। সব মিলিয়েই নির্বাচন থেকে দূরেই থাকতে চাইছেন তিনি।

মেয়ে সোনাক্ষীকে প্রার্থী করতে চান শত্রুঘ্ন সিনহা

সম্প্রতি রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চে দেখা গিয়েছিল বিহারীবাবুকে। তখন সকলে ধরেই নিয়েছিলেন যে তিনিই ফের আসানসোলের প্রার্থী হচ্ছেন। কিন্তু বিহারীবাবুর মনে যে চলছিল অন্য কথাই। সূত্রের খবর, শত্রুঘ্ন সিনহা চাইছেন যাতে আসানসোলে থেকে তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা প্রার্থী হন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি হবেন কী না, সেটাই দেখার।

তৃণমূলের এক নেতার কথায়, আসন্ন ভোটে প্রার্থী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ফর্মুলা নিয়ে চলছেন। তরুণ মুখদের প্রার্থী করতে চাইছেন তিনি যাদের কর্মক্ষমতা তুলনামূলক বেশি। যারা সংগঠনকে সময় দিতে পারবেন। সেদিক থেকে দেখতে গেলে শত্রুঘ্ন সিনহার প্রস্তাব মন্দ নয়। সোনাক্ষী তরুণ প্রজন্ম আর তাঁর বলিউডের জেরে‘ফেস ভ্যালু’ তো রয়েছেই। তৃণমূল মহিলা মুখও খুঁজছে প্রার্থীর জন্য। ফলে সব মিলিয়ে সোনাক্ষী সিনহা যদি আসানসোল থেকে প্রার্থী হন, তা খুব একটা খারাপ হবে না তৃণমূলের পক্ষে।

RELATED Articles