‘নিখোঁজ’ পোস্টার পড়ার পরই টনক নড়ল তৃণমূল সাংসদের, পরদিনই নিজের লোকসভা কেন্দ্রে দেখা মিলল শত্রুঘ্ন সিনহার

ক’দিন আগেই তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার (missing poster) পড়েছিল আসানসোলের কুলটিতে। সেই পোস্টারকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায় রাজ্য- রাজনীতিতে। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ শানান তৃণমূলের তারকা সাংসদকে (TMC MP)। এই নিয়ে যখন চর্চার অন্ত নেই, তখনই পোস্টার পড়ার পরদিনই অন্ডাল বিমানবন্দরে দেখা গেল তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha)। পোস্টার বিতর্কের পরই নিজের সংসদীয় এলাকায় গেলেন বলি তারকা।

এই বিষয়ে গতকাল, শনিবার অন্ডাল বিমানবন্দর থেকে শত্রুঘ্ন সিনহা বলেন, “আমার সমর্থকরা জবাব দিয়েছে। ছোট ছোট ঘটনার প্রতিক্রিয়া আমি দিই না”। সাংসদ এও বলেন, “আমি ছটের জন্যই এসেছি এখানে”।

অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বারবার বুঝিয়ে দিলেন যে তিনি ‘নিখোঁজ’ নন। এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, “আপনারা জানেন তো আমি কতবার আসি এখানে। প্রত্যেক মাসে। নির্বাচনের পরে সাত-আট দিন আমি এখানেই ছিলাম। প্রত্যেক মাসে আমি এখানে এসেছি। গতমাসে তো ১৫-১৬ দিন আমি এখানেই ছিলাম। বিমানবন্দর থেকে বা থানা থেকে নিয়ে নিন রেকর্ড, আমি কতবার এসেছি”।

এই পোস্টার পড়া নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। গতকাল, শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেকবারই নিখোঁজ পোস্টার দিতে হবে। তারপর তিনি আসবেন। আমরা তো আগেই বলেছিলাম আসানসোলের জনগণকে। মানুষ সেই সময় ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সন্ত্রাস ছিল, ভোট পরবর্তী হিংসা ছিল। ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন আসবে, তখন আমরা বিহারীবাবুকে আবার রিটেয়ারমেন্ট দিয়ে দেব”।

বলে রাখি, দু’দিন আগেই আসানসোলের কুলটিতে শত্রুঘ্ন সিনহার ‘নিখো’জ’ হওয়ার পোস্টার পড়ে। ছট ঘাট এলাকাতেই বিশেষত দেখা যায় এই পোস্টার। এই পোস্টারে লেখা ছিল, সাংসদ শত্রুঘ্ন সিনহা যিনি বিহারীবাবু নামে পরিচিত, কিন্তু বিহারীদের সবথেকে বড় উৎসব ছট পুজো উপলক্ষ্যে নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ। এই পোস্টারের পর আসানসোলে এসে শত্রুঘ্ন সিনহা বুঝিয়ে দিলেন যে তিনি ছটপুজোর জন্যই এসেছেন।

RELATED Articles