সিবিআই হেফাজতের শেষে এবার ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। প্রথমের দিকে সেভাবে কিছু না বললেও এবার ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তিনি। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে এবার এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি।
আজ, বুধবার জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখন সাংবাদিকদের প্রশ্নে এক অদ্ভুত ইঙ্গিত করেন তিনি।
এদিন শাহজাহানকে প্রশ্ন করা হলে, তিনি বললেন, “সব মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে”। ফের তাঁকে প্রশ্ন করা হয়, “কারা করছে ষড়যন্ত্র”? শাহজাহানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বুঝতেই পারছেন…”। এদিন বারবার একটি কথাই বলছিলেন শেখ শাহজাহান। তিনি বারবার দাবী করছিলেন, “সব মিথ্যা”।
ইএসআই হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষার পর বেরিয়ে এলে শাহজাহানকে ফের প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয়, “জেলিয়াখালির শরিফুল মোল্লাকে চিনতেন? কেনো শরিফুলের অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন”?
সন্দেশখালির কাণ্ডের পর শাহজাহানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। জমি বাড়ি দখল থেকে শুরু করে ভেড়ি দখল, চিংড়ি বিক্রির আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মা’দ’ক পাচারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০২২ সালে উত্তর ২৪ পরগণায় ড্রা’গ পাচার নিয়ে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
সেই সময় বিজেপির তরফে দাবী করা হয়েছিল, তৃণমূলের দুই দাপুটে নেতা জড়িত ছিল এই ঘটনায়। সেই সময় শেখ শাহজাহান ও শিবু হাজরার নাম উঠে। সেই সময় এই নিয়ে সেভাবে জলঘোলা না হলেও শাহজাহান গ্রেফতার হওয়ার পর নতুন করে এই ঘটনা মাথাচাড়া দিয়েছে।





