বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ পত্রে গেরুয়া রঙের ছোঁয়া, পাগড়ি মাথায় শুভেন্দুর ছবি, তবে কী ভাঙন নিশ্চিত?

বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে দলের মধ্যে বেজায় গুঞ্জন শোনা যাচ্ছিল। কোনও দলীয় কর্মসূচী হোক বা মন্ত্রিসভায় বৈঠক, সবই প্রায় এড়িয়ে চলছিলেন পরিবহন মন্ত্রী। ইদানিং আবার দলহীন কর্মসূচিও শুরু করেছিলেন। এবার গেরুয়া রঙের বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ পত্রে শুভেন্দুর অনুগামীরা তার রাজস্থানি পাগড়ি মাথায় ছবি দিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে তৈরি দলের মধ্যেও।

গেরুয়া সেই আমন্ত্রণ পত্রে শুভেন্দুর রাজনৈতিক অবস্থানের কোনও নামগন্ধ নেই, আয়োজকদের পরিচয়, ‘আমরা দাদার অনুগামী’। এ যেন কোনওরকম সরকারী বা রাজনৈতিক খোলস থেকে বেড়িয়ে এক অন্য শুভেন্দু। পুরুলিয়া জেলায় এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হওয়ার কথা আগামী ৭ই নভেম্বর। কিন্তু তার আগে আজ, শনিবার মেদিনীপুরেও এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব সমিতি। ৭ তারিখের অনুষ্ঠানে শুভেন্দুও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

পুরুলিয়ার অনুষ্ঠানের উদ্যোক্তা ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন, “আমরা তৃণমূলেরই সৈনিক। কিন্তু এই রকম কর্মসূচী করতে হলে দলের থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সরাসরি দলের সঙ্গে যুক্ত নন এমন মানুষ ইচ্ছা থাকলেও এই ধরণের অনুষ্ঠানে যোগ দিতে পারেন না, তাই ‘দাদার’ ফ্যান ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠান করছে”। এদিকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর দাবী যে এখন তৃণমূলের অনেকেরই মোহভঙ্গ হয়েছে তাই তারা বেরিয়ে আসার পথ খুঁজছেন।

তবে তার ঘনিষ্ঠ নন্দীগ্রাম বিধানসভা সমিতির চেয়ারম্যান মেঘনাদ পালের দাবী, “এটি একেবারেই অরাজনৈতিক কার্যকলাপ। তাই হয়ত শুভেন্দুবাবুর রাজনৈতিক পদ বা পরিচয় ব্যবহার করতে চান নি উদ্যোক্তারা। তবে গেরুয়া রঙ ব্যবহার করা, একেবারেই তাদের পছন্দ”। তবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুভেন্দুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়ে ওঠেনি।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই শুভেন্দুকে কটাক্ষ করেন। এদিন তিনি রবীন্দ্রনাথের উদ্ধৃত করে বলেন, “রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী”। তাঁর এই বক্তব্যে জন্য কাঁথির সাংসদ ও শুভেন্দুর পিতা শিশির অধিকারী জানান যে ফিরহাদবাবু কেন এমন একটি উক্তি করলেন তা তিনি সত্যিই জানেন না। দশমীর পরেও দলনেত্রীর সঙ্গে যে তাঁর কথা হয়েছে, এও নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন শিশিরবাবু।

RELATED Articles