শুভেন্দুকে কেউ উস্কে দিচ্ছে, বিজেপিতে যাওয়ার মতো বোকামি ও করবে না, অমিত শাহের সফরের আগেই চ্যালেঞ্জ শিশিরের

দলের সঙ্গে যে তার ছেলের ইতিমধ্যেই একটা দূরত্ব তৈরি হয়েছে, তা আভাস পাওয়া যাচ্ছে। দলীয় কোনও কর্মসূচী বা মন্ত্রীসভার বৈঠক, কোনও ক্ষেত্রেই সেভাবে সক্রিয় নন ছেলে, নিজেই করছেন দলহীন কর্মসূচী। কিন্তু দলের সঙ্গে ছেলের সম্পর্ক নিয়ে সহমত পোষণ করেন না বাবা শিশির অধিকারী। তাই তো আগেভাগেই ছেলেকে সাবধান করে দিলেন যাতে সে দলচ্যুত না হয়। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর কথাই বলে হচ্ছে।

শুভেন্দুকে নিয়ে রাজনৈতিক দলের অন্দরে অনেক জল্পনা চলছে। তার জন্য অবশ্য শুভেন্দুর করা নানান মন্তব্যই দায়ী। কিন্তু তার এই দলছাড়া মনোভাব কোনও মতেই মানতে রাজী নন তার বাবা ও পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারী। বরং ছেলেকে আড়াল করার জন্য তিনি বলেন যে, “কেউ কেউ ওকে উস্কে দিচ্ছে। এখনও পর্যন্ত শুভেন্দু ঠিকঠাকই আছে। বিজেপিতে গিয়ে কেউ বোকামি করবে না।” তার এই উক্তি যে তিনি অমিত শাহকে বিদ্ধ করেই বলেছেন তা আর কারোর বুঝতে বাকি নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জেলাতেই সফরে আসছেন। তার আগেই তাঁর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শিশির অধিকারী বলেন, “আমাদের জেলায় এসে উনি কিচ্ছু করতে পারবেন না। আগেও এসেছেন, তৃণমূলকে গালাগালি করে চলে গেছেন। এই জেলায় বিজেপির দাপট নেই আর কেউ বিজেপিতে যাবেও না।” অমিত শাহের সফরের আগেই শিশিরের এমন মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬ টি আসন। শিশিরবাবু বলেন, “১৬টি আসনের ২-১টি আসন একটু কমজোর। কিন্তু তা আমরা মেকআপ করে নেব”। এদিকে সাংসদ সৌগত রায় বলেন, “মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁয়ের মতান্তর হচ্ছে। ওদের ঝগড়া মেটাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পরিবর্তে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন এই সফরে”। তাঁর কথায়, দিলীপ ঘোষ বলছেন শিল্প সম্মেলন করবেন। কিন্তু তাদের মধ্যে আদতে কে থাকবেন কে যাবেন, এ নিয়েও যথেষ্ট ধন্ধ প্রকাশ করেছেন সৌগতবাবু।

অন্যদিকে, অমিত শাহ সফর নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “অমিত শাহ এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাবেন। তিনি যত আক্রমণ করবেন, আমাদের নেত্রীর জনপ্রিয়তা আরও বাড়বে”। আগামী বছরের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন বলে তাঁর বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় পরের বছর বিধানসভা ভোটে জিতে হ্যাট্রিক করবেন, এও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

RELATED Articles