কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই ঘটে গেল বড় অঘটন। ফুল তুলতে গিয়ে প্রাণহানি। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু ৬ জনের। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
কী ঘটেছে ঘটনাটি?
মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বুড়ামালা বাজার এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীরা ফুল তুলছিলেন। ১৫ জন ছিলেন দলে। সেই সময় আচমকাই চলে আসে একটি সিমেন্ট বোঝাই লরি।
কারোর কিছু বুঝে ওঠার আগেই সেই লরি সজোরে ধাক্কা মারে সেখানে ফুল তুলতে থাকা ব্যবসায়ীদের। ছিটকে পড়েন তারা। এই ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুলের গাড়ির চালক ও ৫ ব্যবসায়ীর। বাকিরা সকলেই কমবেশি জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। ওই সিমেন্ট বোঝাই লরির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন নাকি, তা খতিয়ে দেখছে পুলিশ।





