উত্তরে বরফ, দক্ষিণে বৃষ্টি! ফের শীতের পথে বৃষ্টির কাঁটা, জাঁকিয়ে শীত কী পাবে না দক্ষিণবঙ্গবাসী?

শীত যেন ধরা দিয়েও দিচ্ছে না। রাজ্যজুড়ে বেশ সুন্দর শীতের আমেজ, কিন্তু আপাতত জাঁকিয়ে শীতের অপেক্ষায় শীতবিলাসীরা। বারবার যেন শীতের পথে তৈরি হচ্ছে নানান বাধা। এবার ফের দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ফের শীতের কাঁটা বৃষ্টি। ফলে শীত আপাতত উধাও হবে বলে খবর।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় রাতের তাপমাত্রা বেড়েছে। তবে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা একটু কমতে পারে। বুধ বা বৃহস্পতিবার থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া আজ, সোমবার বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে ও পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়া সম্ভাবনা।

দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আবার আলাদা। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস দুই দিনাজপুর ও জলপাইগুড়িতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সিকিমে তুষারপাত হতে পারে। এর ফলে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়তেও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ সিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৮২ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles