রণক্ষেত্র আসানসোল! পশ্চিমবঙ্গে কেন বাংলা ভাষায় ঘোষণা নয়? অবাঙালি যুবকদের হাতে রক্তাক্ত বাঙালি ব্যবসায়ী

রণক্ষেত্র পরিস্থিতি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলা। অগ্নিগর্ভ আসানসোল। কেন জানেন? ভাষা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিবাদ। অনলাইন লেনদেনের ক্ষেত্রে যে বার্তা আসে তাই বেজেছিল বাংলায়। আর সেখান থেকেই অভিযোগ, খেসারত দিতে হল এক বাঙালি দোকানদারকে।দোকানদারকে বেধড়ক মারল তিন অবাঙালি যুবক। এই ঘটনা নিয়ে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি নিয়ে, বাংলা পক্ষ এবং রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতি বিহিত চেয়ে সরব হয়েছে।

ঠিক কী অভিযোগ উঠছে?

ইতিমধ্যে পুলিশে দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৯ টা নাগাদ বাইকে চড়ে তিন যুবক রূপনারায়ণপুর বাসস্ট্যান্ডে আসে। আর সেখানে স্থানীয় ব্যবসায়ী অনুপ মাজির দোকানে সিগারেট কিনতে যায় তারা। সিগারেট কেনার ছ’টাকা গুগল পে-তে মেটান।

কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা পড়ার ঘোষণাটি সংশ্লিষ্ট যন্ত্রে বাংলা ভাষায় উচ্চারিত হয়। কিন্তু কেন ঘোষণা হবে বাংলায়? হিন্দি কেন নয়? এই অভিযোগ তুলে শুরু হয় তর্ক। তখনই তারা আরও অশ্লীল শব্দ প্রয়োগ করে। হিন্দিতেই এই ঘোষণা হতে হবে বলে দাবি তুলতে থাকে। আর এরপর ওষুধের দোকানের কর্মীরা সেখানে ছুটে আসলে ওই তিন যুবক বাইকে চেপে পালিয়ে যায়।

কিন্তু রাত প্রায় দশটা নাগাদ যখন অনুপবাবু দোকান বন্ধ করতে উদ্যত হন। ঠিক সেই সময়ে ওই তিন যুবক আবার ডাবর মোড়ে ফিরে আসে। অভিযোগ, এক যুবক বাইক থেকে নেমে হঠাৎই আক্রমণ করে অনুপ বাবুকে। পরিস্থিতি পৌঁছে যায় হাতাহাতিতে। ওই বাঙালি ব্যবসায়ীকে ফেলে মারধর করে অবাঙালি যুবকেরা অতর্কিত ঘুঁষিতে অনুপ বাবুর চোয়াল ফেটে রক্ত পড়তে থাকে। আর আক্রমণ করার পরেই ওই অভিযুক্ত যুবকেরা এলাকা ছাড়ে।

আরও পড়ুন: এক দেশ এক ভোট বিল! প্রস্তাবিত এই আইনে ঠিক কি কি বলা হয়েছে? জেনে নিন এক নজরে

এরপর রক্তাক্ত অবস্থায় বাঙালি ব্যবসায়ী অনুপ বাবুকে স্থানীয় মানুষজন ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে তার ক্ষতস্থানে দুটি সেলাই দিতে হয়। আর এই ঘটনার প্রতিবাদে সোমবার বাজারের সমস্ত ব্যবসায়ী, বাংলা পক্ষের মানুষজন রূপনারায়ণপুর ফাঁড়িতে জমায়েত হন। বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে এই তাদের আশ্বাস দেন রূপনারায়ণপুর ওসি অরুনাভ ভট্টাচার্য।

RELATED Articles