“জটিলতা এখনও কাটেনি”, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর স্বীকার করলেন সৌগত রায়

গতকাল, সোমবার কলকাতায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তৃণমূলের নেতা সৌগত রায়। শুভেন্দুর ক্ষোভ প্রশমনের দায়িত্ব পড়েছে তার উপরেই। ভাইফোঁটার দিনও শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন সৌগতবাবু। সেদি নিজের একগুচ্ছ দাবীদাওয়া এই বৈঠকে পেশ করেন শুভেন্দু। সোমবার সেই দাবীর কতটা মানা সম্ভব তা শুভেন্দুকে জানান সৌগতবাবু।

কিন্তু, সৌগতবাবুর মধ্যস্থতায় শুভেন্দুর সঙ্গে বৈঠকে যে কোনওরকম যে আশানুরূপ ফল মেলেনি, তার ইঙ্গিত মিলেছিল গতকালই। এবার এই কথা নিজেই অকপটে স্বীকার করে নিলেন সৌগতবাবু নিজেই। আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন যে, শুভেন্দুর সঙ্গে জটিলতা এখনও কাটেনি।

এদিন সৌগতবাবু বলেন, “গতকাল দেড় ঘণ্টা বৈঠক হয়েছে। তবে শুভেন্দুকে নিয়ে নতুন করে কিছু বলব না। যা কথা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব। মুখ্যমন্ত্রী বাঁকুড়া থেকে ফিরলেই জমা পড়বে রিপোর্ট”।

তবে শুভেন্দুকে ফের দলমুখী করতে যে তৃণমূল যেনতেন প্রকারেণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা সৌগতবাবুর কথায় স্পষ্ট। একথা বোঝাতে গিয়ে তিনি বলেন, ফের শুভেন্দুর সঙ্গে বৈঠক হতে পারে। আলোচনা হলে অনেক বিষয় উঠে আসে। অনেক ভুল বোঝাবুঝি পরিষ্কার হয়। সমস্যার জট ছাড়ানো যায় আলোচনার মাধ্যমেই। তাই শুভেন্দুর সঙ্গে ফের বৈঠকের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিগত কয়েকমাস ধরেই দলহীন কর্মসূচী করছেন শুভেন্দু অধিকারী। তার কোনও কর্মসূচীর ব্যানারেই শাসক দলনেত্রীর ছবি বা নাম দেখা যায়নি। ‘দাদার অনুগামী’ বলেই কর্মসূচী চালাচ্ছে তার দল। একাধিকবার দলের একের পর এক নেতাকে বিঁধিয়ে কথা বললেও সরাসরি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন নি তিনি। তিনি যে দল ছাড়ছেন, এ বিষয়েও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ওদিকে, বিজেপি নেতারাও বারবার বলেছেন, তাদের সঙ্গে শুভেন্দুর কোনও যোগাযোগ নেই। কিন্তু শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বহু আলোচনা হয়েছে।

RELATED Articles