নোভেল করোনা ভাইরাসের জেরে যখন প্রায় ধুঁকছে গোটা বিশ্ব। কাজ হারিয়েছেন বহু, নিম্নগামী বিশ্বজোড়া অর্থনীতি সেখানেও প্রত্যেকদিন ফুলে-ফেঁপে উঠেছেন বিশ্বের তাবড় ধনকুবেররা।
অতিমারীর আঁচ যাঁদের গায়ে এসে মাত্র লাগেনি। বরং গত এক বছরে সামগ্রিক ভাবে নিজেদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন তাঁরা।
আমেরিকার আর্থিক সংস্থা ব্লুমবার্গের হিসেব অন্তত এমনটাই জানাচ্ছে। বিশ্বের প্রথম ৫০০ ধনকুবেরের সম্পত্তির দৈনিক ওঠাপড়ার হিসেব রাখে তারা। সোমবার বাজার বন্ধের পর যে হিসেব সামনে এসেছে, তাতে বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন এলন মাস্ক। ৭০০ কোটি ডলার থেকে তাঁর সম্পত্তির পরিমাণ এখন বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯০ কোটি ডলার। শুধুমাত্র এই বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে এলন-এর।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, জানুয়ারি মাসেই তিনি ছিলেন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ৩৫ তম স্থানে, সেইখান থেকে শুরু করে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয় ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গকেও পিছনে ফেলে দেন টেসলা প্রধান। বিল গেটসকে সরিয়ে বিশ্বের দ্বিতীয় ধনকুবের এখন তিনিই। টেসলার বাজারমূল্য ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়াতেই তাঁর এমন উত্থান বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ব্লুমবার্গের তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস। গত ৮ বছরে এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটল যে, দ্বিতীয় স্থান থেকে নেমে এলেন গেটস। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২ হাজার ৭৭০ কোটি ডলার।
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফরাসি শিল্পপতি বার্না আর্ন। মোট ১০ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। বিশ্বের বৃহত্তম বিলাস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা লুই ব্যুঁত মোয়ে হেনেসি (এলভিএমএইচ)-র চেয়ারম্যান এবং চিফ এগজিকিউটিভ তিনি।
পঞ্চম স্থানে রয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। যার বর্তমান সম্পত্তির পরিমাণ ১০ হাজার ২০০ কোটি ডলার।
আমেরিকার বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান তথা সিইও ওয়ারেন বাফে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৬০৮ কোটি ডলার।
সপ্তম স্থান দখল করেছেন, সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ১০৩ কোটি ডলার।
অষ্টম স্থানে রয়েছেন গুগলের সহ প্রতিষ্ঠাতা সেরগে ব্রিন। তাঁর সম্পত্তির পরিমাণ ৭ হাজার,৮০৭ কোটি ডলার।
নবম স্থানে রয়েছেন আমেরিকার বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলস ক্লিপার্সের মালিক তথা মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও স্টিভ বলমার। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৬০১ কোটি ডলার।
তাৎপর্যপূর্ণ ভাবে, বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় বলতে মুকেশ অম্বানীই রয়েছেন। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৪০০ কোটি ডলার।
যথারীতি, তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ২০০ কোটি ডলার। ২০১৭ সালে মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে প্রথম শীর্ষে উঠে আসেন তিনি। তার পর থেকে বরাবর নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
৫০০ জনের এই তালিকায় মুকেশ অম্বানী-সহ ১৬ জন ভারতীয় শিল্পপতি রয়েছেন। তালিকায় ৪০তম স্থানে রয়েছেন গৌতম আদানি। ৫৬তম স্থানে রয়েছেন আজিম প্রেমজি। ৭১তম স্থানে রয়েছেন শিব নাডার।






