Sougata Challenged Suvendu: হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে দাঁড়াক, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ সৌগতর

আজ নন্দীগ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে আজ নিজের মাস্টারস্ট্রোক দেন তিনি। ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনিই নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন। এরপরই ওই কেন্দ্রের সদ্য প্রাক্তন বিধায়ক তথা সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। বললেন, যদি শুভেন্দুর হিম্মত থাকে তাহলে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে লড়ে দেখাক সে।

নন্দীগ্রাম বিশেষত শুভেন্দুর খাসতালুক নামেও পরিচিত। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ এই ঘোষণার পর রাজ্য রাজনীতির মোড় কোনদিকে ঘুরবে, সেটাই দেখার। এদিন নন্দীগ্রামে পা রেখে বেশ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো। বলেন, নন্দীগ্রাম তাঁর জন্য ‘লাকি’। এখান থেকেই তাঁর জয়যাত্রার শুরু। এরপরই তিনি ঘোষণা করেন যে নন্দীগ্রাম থেকে তিনি ভোটে দাঁড়াবেন ও এই নিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথাও বলবেন। মমতার এই ঘোষণাকে ঐতিহাসিক বলে দাবী করেছেন সৌগত রায়। শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “ওঁর যদি হিম্মত থাকে ও বাপের ব্যাটা হলে নন্দীগ্রাম থেকে দাঁড়াক”।

মমতার নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর প্রসঙ্গে তাঁর দাবী, “দিদির সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। দিদি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ান, তাঁকে কেউ আটকাতে পারবে না। রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরও একবার অভিনন্দন জানাই”।

উল্লেখ্য, ২০০৯সালের উপনির্বাচন থেকেই নন্দীগ্রাম তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সেই গড়ে প্রার্থী হিসেবে দাঁড়ান শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু গত ডিসেম্বর মাসে বিধায়ক ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু। এরপর গত ১৯শে ডিসেম্বর গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

এরপর নন্দীগ্রামে সভা করতে গিয়ে শুভেন্দু বারবার বলেছেন নন্দীগ্রাম তাঁর সঙ্গেই আছে। তবে আজকের তৃণমূল দলনেত্রীর এই ঘোষণার ফলে একটু হলেও রাজ্য রাজনীতিতে কিছুটা প্রভাব তো ফেলবেই। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে পরোক্ষভাবেই শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কার্যত, শুভেন্দুর নিজের খাসতালুকেই তাঁকে কোণঠাসা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কতটা সাফল্য আসে, এখন সেটাই দেখার।

RELATED Articles