আচমকাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে গেলেন সৌরভ, তবে কী তৃণমূলেই যোগ দিচ্ছেন দাদা? স্পষ্ট জানালেন নিজেই

সপ্তাহের প্রথমদিনেই রাজ্যে ফের হইচই। আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০ মিনিট কথা হয় দু’পক্ষের মধ্যে। তবে ঠিক কী বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, তা এখনও সঠিক জানা যায়নি।

আজ, সোমবার সকালে জেলা সফর থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুর্শিদাবাদের জনসভাতেও যোগ দেন তিনি। তারপরই কলকাতায় ফিরে নবান্নে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে সাক্ষাৎ করলেন। এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছান মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন।

ঠিক কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হল? দু’পক্ষের সাক্ষাতের পর থেকেই এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, ব্যক্তিগত কারণেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

তবে অনুমান, রাজ্যে অ্যাকাডেমি তৈরি করতে জমির বিষয়ে হয়ত সৌরভের সঙ্গে মমতার কথাবার্তা হয়ে থাকতে পারে। এর আগেও সৌরভ শহরে অ্যাকাডেমি তৈরির কথা জানিয়েছিলেন। গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকাকালীন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মহারাজ। বিসিসিআই বাংলায় বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম গড়ার জন্য যে প্রস্তাব দিয়েছিল, তার জন্য বিকল্প জমি খুঁজে দেওয়ার জন্য মমতাকে অনুরোধ করেছিলেন সৌরভ। কিন্তু এখন আর সৌরভ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন।

মমতার সঙ্গে মহারাজের এই সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ার কারণে ফের একবার সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উঁকি দিতে শুরু করেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছিল। নির্বাচনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বাড়িতে নৈশভোজেও গিয়েছিলেন। তবে নিজের গায়ে রাজনীতির কোনও রঙ লাগতে দেন নি দাদা। তবে ফের একবার সেই একই জল্পনা শুরু হয়েছে আজকের সাক্ষাৎ নিয়ে।

RELATED Articles