আজ মা তারার আবির্ভাব দিবস। এদিন উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দিরে। শুরু হয়েছে পুজোর তোড়জোড়। মন্দির চত্বরে দূরদূরান্ত থেকে এসেছে অজস্র মানুষ মা তারার দর্শনের জন্য। আজ তারাপীঠে রয়েছে বিশেষ পুজো। এর প্রস্তুতিও তুঙ্গে।
এদিন সকাল থেকেই আবার নেমেছে বৃষ্টি। কিন্তু তাতে কী? সবকিছু উপেক্ষা করে তারা মায়ের ভক্তরা জমা হয়েছেন মন্দির চত্বরে। কেউ কেই এক মনে অপেক্ষারত সন্ধ্যা আরতির জন্য। ভিড় সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। মন্দির প্রাঙ্গণে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে মোতায়েন করা হয়েছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষের তরফে বারবার বলা হচ্ছে করোনা বিধি যাতে অবলম্বন করা হয়। কোনও ধরণের ভিড় এড়িয়ে চলার কথাও ঘোষণা করা হচ্ছে বারবার।
কথিত রয়েছে, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে মা তারার আবির্ভাব ঘটে। পাল রাজত্বকালে সওদাগর জয় দত্ত স্বপ্নে মায়ের নির্দেশ পেয়ে তারাপীঠে মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠা করেন। শোনা যায়, শশ্মান থেকে তারার মূর্তি এনেছিলেন জয়দত্ত। সেই উপলক্ষে প্রতিবছর চতুদর্শীর দিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
শুধুমাত্র আজকের দিনেই মা তারাকে মূল গর্ভগৃহ থেকে বের করে এনে বিশ্রাম কক্ষে আনা হয়। আবার সন্ধের পর তাঁকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে। আজক সারাদিন মা তারাকে কোনও অন্নভোগ দেওয়া হয় না। প্রসাদ হিসাবে দেওয়া হয় শুধুমাত্র ফল। বিশ্রাম কক্ষ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর দেওয়া হয় ভোগ।
এই সময় বিশ্রামকক্ষে মা তারাকে সামনে থেকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান। শুধুমাত্র বাঙালিই নয়, পাশ্বর্বতী রাজ্য বিহার, ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় আজ এই স্থানে।
এদিকে আজ আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর তিথি। সেই প্রস্তুতিও তুঙ্গে। তবে ব্যবসায়ীদের মতে, এই বছর বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। আর এর জন্য নিম্নচাপকেই দায়ী করেছেন তাঁরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সবজি,ফল,ফুল বিক্রেতাদের অবস্থাও একই রকম। পুজোর আগে বাজারে ক্রেতার তেমন ভিড় না হওয়ায় বেশ দুঃশ্চিন্তায় পড়ছেন সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা। কপালে ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদেরও।
আজ সকাল থেকেই এই বাজার চত্বরে থাকা সবজি, ফল থেকে শুরু করে ফুল বিক্রেতাদের দোকানের সামনে ক্রেতাদের ভিড়ের সেই ছবির দেখা সেভাবে মেলেনি। বিক্রেতাদের কথায়, গত এক দু’দিন ধরে আবহাওয়ার জেরে লক্ষ্মী পুজোর আগে কার্যত ফাঁকা চন্দ্রকোনার এই বৃহৎ বাজার চত্বর। বাজারে বিক্রেতাদের সবজি, ফল ফুলের বিক্রি নেই দু’দিন ধরে।






