২০২০ সালের শেষের দিক থেকে ২০২১ সালের প্রথমের দিক পর্যন্ত টলিপাড়ায় যেন বিয়ের মরশুম চলছিল। বিয়ের সেরেছেন অনির্বাণ-মধুরিমা, নীল-তৃণা, গৌরব-দেবলিনা, ইমন-নীলাঞ্জন, প্রমিতা-রুদ্রজিৎ ও আরও অনেক তারকা। তবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে কবে হচ্ছে, এ নিয়ে অনুরাগীদের মনে আলাদাই উত্তেজনা রয়েছে। এবার এল সেই খুশির দিন। নিজেদের ‘লাভ ম্যারেজ’-এর কথা ঘোষণা করলেন অঙ্কুশ।
তবে বাস্তবে নয়, অঙ্কুশ আর ঐন্দ্রিলার এই ‘লাভ ম্যারেজ’ হবে বড় পর্দায়। সুরিন্দর ফিল্মসের নতুন ছবিতে দেখা যাবে এই জুটিকে। সঙ্গে দেখা যাবে রঞ্জিত মল্লিক ও আপরাজিতা আঢ্য। আজ, মঙ্গলবার লক্ষ্মী পুজোর দিন একটি মোশন টিজার দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানালেন তাঁরা।
View this post on Instagram
বলে রাখি, বছর দশ আগে শুরু হয়েছিল এই জুটির প্রেম কাহিনী। ২০১১ সালের প্রেম দিবসের সপ্তাহেই অঙ্কুশ-ঐন্দ্রিলা প্রেম শুরু। এর আগে ‘ম্যাজিক’ সিনেমাতে তাঁদের প্রথমবার একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। এবার ফের তারা ফিরছেন ‘লাভ ম্যারেজ’-এর হাত ধরে।
গত অগস্ট মাসে বেশ মজা করে একটি পোস্ট করেছিলেন অঙ্কুশ। গাড়ি কিনতে যাওয়ার সিদ্ধান্ত তিনি এমনভাবে জানিয়েছিলেন, যা দেখে অনেকেই মনে হয়েছিল যে তিনি ও ঐন্দ্রিলা হয়ত বিয়ে করছেন।
এই বিষয়ে ইনস্টাগ্রামে অঙ্কুশ লেখেন, “অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এ আমাদের পরিবারের অকটা অংশ হতে চলেছে। এটা সত্যিকারের স্বপ্নপূরণ”। তবে পরে জানা যায়, নিজের বিএমডাবলু কেনার কাথা বলেছিলেন অভিনেতা।
অঙ্কুশ ও ঐন্দ্রিলা বারবারই জানিয়ে এসেছেন যে বিয়ের নামক সামাজিক প্রতিষ্ঠানের উপর তাদের আস্থা রয়েছে। খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধও হবেন তারা। তারা এও জানিয়েছেন যে সবাইকে জানিয়ে, বেশ ধুমধাম করে, সাজুগুজু করেই হবে তাদের বিয়ে।





