সামনেই জন্মাষ্টমী ও কৌশিকী অমাবস্যা, লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে কচুয়া ও তারাপীঠে, পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রেলের

বিগত বেশ কয়েকমাস ধরেই হাওড়া বা শিয়ালদহ, উভয় শাখাতেই রেল পরিষেবা নিয়ে নানান অভিযোগ উঠে এসেছে। লাইনে কাজ চলার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এরই মধ্যে সামনেই রয়েছে জন্মাষ্টমী ও কৌশিকী অমাবস্যা। এই দু’দিন ট্রেনের উপর বেশ চাপ পড়বে। সেই কারণে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এই দুই তিথিতে ট্রেন চলাচলে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল কর্তৃপক্ষ।  

আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী। যা শ্রীকৃষ্ণের জন্মের পাশাপাশি সেদিনটা লোকনাথবাবার আবির্ভাব তিথি হিসাবেও ধরা হয়। সেই কারণেই এই দু’দিন কচুয়াতে লোকনাথ বাবার মন্দিরে আসেন হাজার হাজার ভক্ত। কাঁধে বাঁক নিয়ে অনেকে হেঁটে মন্দিরে যান।

অনেক মানুষই রাজ্যের নানা প্রান্ত থেকে ট্রেনে করে কচুয়া যান। উত্তর ২৪ পরগনার এই জনপদে পৌঁছনোর জন্য শিয়ালদহ-হাসনাবাদ লাইনের কাঁকড়া-মির্জানগর হল্ট স্টেশনে নামতে হয়। এর ফলে ওই সময় এই লাইনের ট্রেনগুলির উপর খুবই চাপ থাকে।

কী ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে?

৬ সেপ্টেম্বর বিকেলের পর তিথি পড়ছে। ফলে ৫ তারিখ থেকেই ভক্তের ঢল নামবে মন্দিরে। সেই কারণে ৫ ও ৬ সেপ্টেম্বর এক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের তরফে। জানা গিয়েছে, ওই ট্রেনটি বারাসাত থেকে সওয়া ১২টা নাগাদ ছাড়বে আর তা হাসনাবাদ পৌঁছবে ১টা ৩৮ মিনিটে। আর ওই ট্রেনটিই আবার হাসনাবাদ থেকে ছাড়বে দুপুর ২টো ৪৫ মিনিটে আর তা বারাসাত পৌঁছবে ৩টে ৪৫ মিনিটে। বারাসাত ও হাসনাবাদের মধ্যে প্রত্যেক স্টেশনেই এই ট্রেনটি দাঁড়াবে।  

কৌশিকী অমাবস্যার জন্য কী ব্যবস্থা নিচ্ছে রেল?

আবার জন্মাষ্টমীর পর কৌশিকী অমাবস্যা নিয়েও বিশেষ ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। এই তিথিতে তারাপীঠে ভক্তদের সমাগমে পা ফেলা দায় হয়ে যায়। আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা তিথি। তারাপীঠ যাওয়ার জন্য পুন্যার্থীরা রামপুরহাট স্টেশনে নেমে মন্দিরের উদ্দেশে রওনা হন। কিন্তু এইমুহূর্তে রামপুরহাট-চাতরা সেকশনে থার্ড লাইন চালুর কাজ চলছে। আর এই কারণে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ওই শাখায় একাধিক ট্রেন বাতিল হয়েছে। তবে রেল সূত্রে খবর, কৌশিকী অমবস্যার আগেই এই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, আগামী ৭ই সেপ্টেম্বরের মধ্যেই এই থার্ড লাইনের আজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যার আগেই যদি এই থার্ড লাইনের কাজ মিটিয়ে ফেলা যায়, তাহলে যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছে রেল। ওই সময় বিশেষ ট্রেন চালানোর কথাও ভাবছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার জন্য টিকিট কাটা শুরু হয়ে গিয়েছে।

আরও অন্যান্য খবর