দর্শনার্থীদের জন্য সুখবর! আর ভিড়ে ঠেলাঠেলি নয়, পুজোয় রাত পর্যন্ত ঠাকুর দেখতে চলবে একাধিক স্পেশাল ট্রেন

আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। তবে কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে প্রতিপদ থেকেই। মহালয়ার পর থেকেই কলকাতার রাস্তায় নেমেছে মানুষের ঢল। শহর তো বটেই, নানান জেলা থেকেও কাতারে কাতারে মানুষ আসছেন কলকাতার পুজো দেখতে। আর দূর থেকে আসার জন্য সবথেকে সহজসাধ্য উপায় হল ট্রেন।

পুজোর ভিড়ের কারণে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ট্রেনে যাতে অতিরিক্ত ভিড় না হয়, যাত্রীরা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারেন, সেই কারণে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে পূর্ব রেল। জানা গিয়েছে, হাওড়া ডিভিশনে আরও আটটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চলবে পুজোর কয়েকদিন। ফলে গভীর রাতেও ঠাকুর দেখে বাড়ি ফিরতে আর সমস্যা হবে না দর্শনার্থীদের। সপ্তমী থেকে নবমী হাওড়া থেকে রাতে বেশ কিছু স্পেশাল ট্রেন চলবে বলে জানা গিয়েছে।

স্পেশাল ট্রেনের সময়সূচী কেমন?

  • হাওড়া-বর্ধমান মেইন লাইনে (ব্যান্ডেল হয়ে) একজোড়া স্পেশাল ট্রেন চলবে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে আর বর্ধমান থেকে ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।
  • হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও (ডানকুনি হয়ে) একজোড়া স্পেশাল ট্রেন চলবে। হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে এবং বর্ধমান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
  • হাওড়া-ব্যান্ডেল লাইনেও চলবে একজোড়া স্পেশাল লোকাল ট্রেন। হাওড়া থেকে ট্রেন ছাড়বে রাত ১টায় এবং ব্যান্ডেল থেকে ছাড়বে রাত সাড়ে ১১টায়।
  • শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনেও একজোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেনটি শেওড়াফুলি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে এবং তারকেশ্বর থেকে ছাড়বে রাত ১১টায়।
  • এছাড়া ০৩০৫১ হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল, যেটি হাওড়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ছাড়বে, সেটিও সপ্তমী, অষ্টমী, নবমীর রাতে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে।

RELATED Articles