কাউন্সিলরদের শপথগ্রহণের দীর্ঘদিন কেটে গেলেও চেয়ারম্যান পরিষদ গঠনে কেন দেরি দক্ষিণ দমদম পুরসভায়, উঠছে প্রশ্ন

প্রায় একমাসের বেশি সময় কেটে গিয়েছে কাউন্সিলররা শপথগ্রহণ করেছেন। কিন্তু এখনও  দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারম্যান পরিষদ গঠন হয়নি। শোনা যাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী সপ্তাহে চেয়ারম্যান পরিষদ গঠন হতে পারে।

গত ১৫ই মার্চ শপথগ্রহণ করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার নবনির্বাচিত কাউন্সিলররা। কিন্তু এতদিন কেটে গেলেও চেয়ারম্যান পরিষদ কেন গঠিত হয়নি, তা নিয়ে জল্পনা চলছে পুর অন্দরে। তবে বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে দ্রুত চেয়ারম্যান পরিষদ গঠন করা হবে।

এর আগে অভিযোগ উঠেছিল যে দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের হাতে নিয়ম বহির্ভূতভাবে নানান দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন যে এই কাজটা ঠিক হয়নি। তবে এবার তিনি এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানান যে কাজ চালানোর জন্য হয়ত অস্থায়ীভাবে দফতর বণ্টন কজ্রা হয়েছিল। চেয়ারম্যান পরিষদ গঠনের পর পূর্ণ দফতর বণ্টন করা হবে। তখন নিতাই দত্তের হাতে  যে দায়িত্ব রয়েছে, তা আর তাঁর হাতে থাকবে কী না, তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু চেয়ারম্যান পরিষদ গঠনে কেন এত দেরি?

এই নিয়ে কোনও সদুত্তর না মিললেও, স্থানীয় স্তর বা তৃণমূলের দলীয় সূত্রের জল্পনা, দক্ষিণ দমদম পুরসভা তিনটি বিধানসভা এলাকার অংশ নিয়ে গঠিত। তাই কোন বিধানসভা এলাকার কতজনকে নিয়ে পরিষদ গঠিত হবে, তা নিয়ে টানাপড়েনের জেরেই এমন দেরি।

স্থানীয়দের অভিযোগ, পুরসভায় দৈনন্দিন  পরিষেবা দেওয়ার কাজ চালু থাকলেও, গতি আর আগের মতো নেই। এই নিয়ে কটাক্ষ শানাতে বাদ যায়নি বিরোধীরা। তবে চেয়ারপার্সন কস্তুরী চৌধুরীর দাবী, “চেয়ারম্যান পরিষদ গঠনের বিষয়টি দলের উচ্চ নেতৃত্বের বিবেচনায় রয়েছে। আশা করা যাচ্ছেদ্রুত পরিষদ গঠন হবে। তবে তার জন্য পুর পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি। বরং দৈনন্দিন পরিষেবার পাশাপাশি মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নের কাজে জোর দেওয়া হয়েছে”।

RELATED Articles