কথা রাখেন নি মমতা, চাকরিতে নিয়োগের দাবী জানিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ফের ধর্নায় বসলেন এসএসসি চাকরিপ্রার্থীরা

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু তা সত্ত্বেও মেলেনি চাকরি। এই কারণে ফের আন্দোলনে শুরু করলেন চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই আজ, রবিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন তারা।

আন্দোলনকারীরা দাবী করেন যে ২০১৬ সালের এসএসসি-র পরীক্ষা তাঁরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু মেধা তালিকায় তাদের নাম থাকার পরও চাকরি পাননি তারা। তারা এও জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপরও কোনও কাজ হয়নি। এই কারণেই এবার তৃতীয় দফায় আন্দোলনে নেমেছেন তারা।

চাকরিপ্রার্থীরা বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণভাবে আস্থা রেখেই আমাদের এই তৃতীয় দফার অন্দোলন। আশা রাখি মাননীয়া খুব দ্রুত আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্কুলে শিক্ষক হিসেবে পাঠানোর ব্যবস্থা করবেন”।

আন্দোলনকারীরা এও দাবী জানান যে নিয়োগের দাবী জানিয়ে তারা এ নিয়ে তিনবার রাস্তায় নামলেন। প্রথমবার ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে একটানা ২৯ দিন অনশন করেছিলেন তারা। তাদের দাবী, মেধাবী তালিকায় যাদের নাম নীচের দিকে, তাদের চাকরি দেওয়া হয়েছে। সমস্যার সমাধান করার জন্য দশ সদস্যদের একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু কোনও লাভ হয়নি।

অন্যদিকে, নিয়োগের দাবী জানিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনেও দীর্ঘ ১৮৭ দিন অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। ওই আন্দোলনের জেরেমগত ১০ই অগাস্ট শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পর ৪০ দিনের মধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবী আন্দোলনকারীদের। তাও করা হয়নি। এরপরই এবার মেয়ো রোডে তৃতীয় দফার অবস্থান বিক্ষোভ।

আরও অন্যান্য খবর