ব্লকবাস্টার হিট গোলন্দাজ! হলে ফিরল দর্শক, প্রথম সপ্তাহেই বক্স অফিসে ২কোটি টাকার বেশি আয় করল দেব অভিনীত ছবি

চলতি বছরের পুজোর বক্স অফিস কে মাতাবে, তা নিয়ে অনেকের মধ্যে ছিল অনেক প্রশ্ন। এবার মুক্তির প্রথম সপ্তাহেই ২ কোটিরও বেশি আয় করেছে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। ৫০ শতাংশ দর্শক নিয়ে সবচেয়ে বেশি আয় করেছে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর গল্প। গত ৪-৫ দিন ধরে প্রেক্ষাগৃহ হাউসফুল। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি দর্শকদের বেশ মন লুভিয়েছে।

ছবির সাফল্য নিয়ে পরিচালক জানিয়েছেন, “এই ছবির পিছনে থাকা সমস্ত কষ্ট যে ফলপ্রসূ হয়েছে, তাতে আমি ভীষন খুশি। বাংলার জনতাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।” উৎসবের মরশুম কেটে গেলে আরও বেশী হলমুখী হবেন বাঙালি, আশা রাখছেন পরিচালক। ফুটবলেরও ইতিহাস রয়েছে। পর্দায় সেই সময়ের মতো করে ফুটবল খেলাকে দেখানো যথেষ্ট কঠিন ছিল।

এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী জানালেন, “প্রথম চ্যালেঞ্জ ছিল ছবিটার জন্য হ্যাঁ বলা। আমরা ছবির মধ্যে ১৮৭০ সাল থেকে ১৮৯০ সালের পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছি। তখনকার মানুষদের হাঁটাচলা, কথা বলা, সমস্ত আদব-কায়দা রপ্ত করতে হয়েছে। এমনকি ফুটবল খেলার ধাঁচটাও ছিল অন্যরকম। সেসময় গায়ের জোরে ফুটবল খেলা হতো। আর পর্দায় যেন দেবকে দেবের মত দেখতে না লাগে, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী লাগে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য।”

এদিন অভিনেতা জানান, ফুটবল-কুস্তি দুটোই শিখতে সময় লাগে। আর পর্দায় ধুতি পরে ফুটবল খেলেছেন দেব। সেখানে তিনি জানান, “ধুতি পরলে সাবলীলভাবে পা ফেলা যায় না। বিষয়টা বেশ কঠিনই ছিল। তবে সেই সময় বাঙালি ধুতি পরে ফুটবল খেলতো। খালি পায়ে ফুটবল খেলতে হয়েছে। আর হ্যাঁ সত্যিই ফুটবলটা খেলতে হয়েছে। মাথায় ছিল দর্শকদের যাতে মনে না হয়, আমি অভিনয় করছি না খেলছি। ট্রেলারের গান দেখে দর্শকরা ভালো বলেছেন। আমাদের পরিশ্রমের খাটনি লোকে বুঝতে পারছেন।”

বারবার ছবির কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন, এই ছবিটা তাঁর প্রথম বায়োপিক। কিন্তু পরিচালক বলেছেন অন্য কথা। তাঁর কথায়, “এটা ঠিক বায়োপিক নয়। এটা একটা ইতিহাস। নগেন্দ্রপ্রসাদকে আমার চোখ দিয়ে আমি দেখেছি। ইতিহাস আশ্রিত একটা চিত্রনাট্য এটি। আমার উদ্দেশ্য ছিল, এটিকে একটি অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা। যার ইতিহাস কারোর জানা ছিল না, তাঁকে মর্যাদা আর গৌরব ফিরিয়ে দেওয়া।” এক কথায় বলতে গেলে বায়োপিক হোক কিংবা চিত্রনাট্যে দর্শকদের ছবিটি বেশ পছন্দ হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles