Ssc : SSC-তে ইতিহাস গড়ার পথে নিয়োগপ্রক্রিয়া? উত্তরপত্রের কার্বন কপি পাবে পরীক্ষার্থী, প্রস্তাব পাঠালো কমিশন!

বছরের পর বছর ধরে সরকারি চাকরির পরীক্ষায় বসেও চাকরি না পেয়ে হতাশ হাজার হাজার যুবক-যুবতী। পরীক্ষা হয়, কিন্তু নিয়োগ আটকে যায় নানা আইনি জটিলতায়। তার উপর রয়েছে অস্বচ্ছতা আর অনিশ্চয়তা। কে পাশ করল, কার নাম প্যানেলে উঠল—এই সব প্রশ্নে ঘোর অনিশ্চয়তায় ভুগছেন বহু পরীক্ষার্থী। এসবের মাঝেই এবার যেন আশার আলো দেখাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে একাধিক বড়সড় পরিবর্তনের ভাবনা শুরু করেছে তারা।

সম্প্রতি শিক্ষা দফতর সূত্রে যা জানা যাচ্ছে, তাতে অনেক পরীক্ষার্থীই আশাবাদী হয়ে উঠেছেন। কারণ শুধু নিয়োগই নয়, পরীক্ষা পদ্ধতিতেও নাকি আসতে চলেছে বড় রদবদল। যাতে ভবিষ্যতে আর কোনও প্রার্থীকেই ‘অজানা’ কারণে বাদ পড়তে না হয়, তার জন্যই নেওয়া হচ্ছে একাধিক নতুন পদক্ষেপের কথা। এসব প্রস্তাব এখনও চূড়ান্ত না হলেও SSC-র প্রস্তুতি এবং মনোভাব ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রেক্ষিতেই SSC নতুন প্রস্তাব তৈরি করে পাঠাতে চলেছে স্কুল শিক্ষা দফতরে। জানা যাচ্ছে, SSC চায় পরীক্ষার্থীদের স্বচ্ছতা দিতে পরীক্ষার পর তাঁদের ওএমআর শিটের (OMR Sheet) কার্বন কপি হাতে তুলে দেওয়া হোক। অর্থাৎ পরীক্ষার শেষে নিজের উত্তরপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবেন পরীক্ষার্থীরা। এতে ভবিষ্যতে কোনও গড়মিলের অভিযোগ উঠলে প্রমাণ হিসেবে সেই কপিই ব্যবহার করা যাবে।

শুধু কার্বন কপিই নয়, SSC-র ভাবনায় রয়েছে আরও বড়সড় পরিবর্তন। পরীক্ষার্থীদের সুবিধার্থে ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট প্রশ্নপত্রের উত্তরপত্র প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রার্থীরা নিজেই বুঝতে পারবেন কতটা সঠিক উত্তর দিয়েছেন এবং আনুমানিক কত নম্বর পেতে পারেন। আবার কাউন্সেলিং পদ্ধতিতেও কিছু বদলের পরিকল্পনা রয়েছে। এই সব কিছুরই মূল উদ্দেশ্য—নিয়োগে স্বচ্ছতা ও গণতান্ত্রিকতা ফেরানো।

আরও পড়ুনঃ Suvendu Adhikari : হিন্দুরা অস্ত্র ধরুক সীমান্তে? মুর্শিদাবাদে ‘কাশ্মীরের ফর্মুলা’ প্রয়োগে সরব শুভেন্দু, চরম বিতর্কে উত্তাল রাজনীতি!

তবে এই সব কিছুই এখনও প্রস্তাব আকারে রয়েছে। এপ্রিলের মধ্যেই নতুন নিয়োগবিধির খসড়া পাঠিয়ে দেওয়া হবে স্কুল শিক্ষা দফতরে। যদি সরকার এই প্রস্তাবে সায় দেয়, তবে সেই নিয়ম মেনেই শুরু হবে নতুন নিয়োগ। আগেও ২০২২ সালে একবার এই ধরণের খসড়া পাঠানো হয়েছিল, তবে তা কার্যকর হয়নি। এবার সুপ্রিম কোর্টের চাপেই ফের তৎপর হয়েছে কমিশন। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ফলে এবার আর ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবে বদল আসার সম্ভাবনা যথেষ্ট বেশি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles