Ssc scam : একই তালিকায় যোগ্য-অযোগ্য! স্বচ্ছতা নয়, ধোঁয়াশাই কি SSC তদন্তের আসল উদ্দেশ্য?

শেষ কবে রাতে নিশ্চিন্ত ঘুম হয়েছে, মনে করতে পারছেন না অনেকে। বুক কাঁপানো দুশ্চিন্তা, চোখের কোণে একরাশ হতাশা নিয়েই প্রতিদিন শুরু করছেন জীবনের লড়াই। যাঁরা একসময় স্কুলের শিক্ষক পদে নিযুক্ত ছিলেন, আজ তাঁরা পরিচিত ‘চাকরিহারা’ নামে। আদালতের নির্দেশে চাকরি খুইয়ে এখন তাঁদের একটাই প্রশ্ন—কবে মিলবে ন্যায়বিচার?

চাকরি ফেরানোর লড়াইয়ে দীর্ঘদিন ধরে পথে নেমেছেন হাজার হাজার প্রার্থী। কারও হাত ধরে এসেছেন মা-বাবা, কারও সঙ্গে ছোট ছোট সন্তান। এতদিন ধরে চলে আসা আইনি জটিলতার পরও এখনো মিলছে না সুরাহা। আশার আলো এসেছিল গত ১১ এপ্রিল, যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি কর্তারা বৈঠকে বসেন চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে। সেদিনের আশ্বাস ছিল, ২১ এপ্রিল প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্য তালিকা। সঙ্গে থাকবে ওএমআর (OMR) শিটও। কিন্তু ঠিক সেখানেই তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা।

সূত্রের খবর অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার বিকাল বা সন্ধ্যার মধ্যে ওয়েবসাইটে তালিকা আপলোড করতে পারে এসএসসি। যদিও ওএমআর শিট প্রকাশ নিয়ে আশঙ্কা বাড়ছে। এসএসসি আপাতত একাধিক আইনজীবীর সঙ্গে পরামর্শ করে দেখছে, কীভাবে তালিকা প্রকাশ করলে আইনি জট কমানো সম্ভব। তবে আইনজীবীরা মত দিয়েছেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা একসঙ্গে প্রকাশ করাই হবে নিরাপদ পথ। তাই আলাদা করে প্রকাশ নয়, বরং একসঙ্গে তালিকা প্রকাশের দিকেই এগোচ্ছে কমিশন।

সুপ্রিম কোর্টে শেষ শুনানিতে আইনজীবী ফিরদৌস শামিম ওএমআর প্রকাশের দাবি তুলেছিলেন। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতে ইতিবাচক বা নেতিবাচক কোনও মন্তব্য করেননি। সেই পরিস্থিতিকে যুক্তি হিসেবে দেখিয়ে ওএমআর প্রকাশ না করার দিকেই এগোচ্ছে কমিশন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। অথচ চাকরিহারারা বারবারই দাবি জানিয়ে আসছিলেন, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে এবং ওএমআর শিট প্রকাশ করতে হবে স্বচ্ছতা নিশ্চিত করতে।

আরও পড়ুনঃ Suicide : ‘যদি পুরুষদের জন্য কোনও আইন থাকত, আমি মরতাম না!’ স্ত্রীর হেনস্থায় সামনে এলো ক্ষুব্ধ যুবকের আত্মঘাতী ভিডিও!

বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, এই তালিকা প্রকাশ করলেই যে সমস্যার সমাধান হবে, এমন নয়। কারণ এর আগেও সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা পেশ করেছিল এসএসসি, কিন্তু তাতেও জটিলতা কাটেনি। বরং ওএমআর প্রকাশ না হলে নতুন করে সন্দেহের বাতাবরণ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। ফলে চাকরিহারাদের ন্যায়বিচার পাওয়ার আশা এখনও অনেকটাই অনিশ্চিত। এখন শুধু বিকালের অপেক্ষা—SSC ওয়েবসাইটে তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে, আগামী পথে কোন মোড় নিচ্ছে এই আন্দোলন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles