মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তলব রাজ্য নির্বাচন কমিশনের, পুরভোট নিয়ে আজই জরুরি বৈঠক

আগামী মাসেই কলকাতা ও হাওড়ায় হতে চলেছে পুরভোট। আগামী ১৯শে ডিসেম্বর এই দুই পুরসভার নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। তাতে সায় দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই কারণে আজ, শনিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। উপস্থিত থাকবেন রাজ্য স্বরাষ্ট্রসচিবও।

এদিন পুরভোট নিয়ে বৈঠক করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এই বৈঠকে থাকার কথা রয়েছে রাজ্য পুলিশের ডিজিরও। কলকাতা ও হাওড়ার পুরভোট মিটে গেলে বাকি পুরসভার নির্বাচনও শীঘ্রই সেরে ফেলতে চায় রাজ্য।

আগামী মাসের যেহেতু পুরভোট রয়েছে, এই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কোনও বিতর্ক যাতে তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সমস্ত নিয়মবিধি মেনেই দুই পুরসভায় ভোট করাতে চায় নির্বাচন কমিশন। সে বিষয়ে আলোচনা করতেই আজকের এই বৈঠক। রাজ্য পুলিশ ও প্রশাসন কী কী দায়িত্বে থাকবেন, তা নিয়ে আলোচনা করতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে আজকের এই বৈঠকে তলব করা হয়েছে।

কিছুদিন আগেই মিটেছে একুশের নির্বাচন এবং বেশ কয়েকটি উপনির্বাচন। এই কারণে প্রশাসনিক প্রস্তুতি অনেকটাই হয়ে রয়েছে বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশনের দফতর। এসমস্ত জানতেই এই প্রথম বৈঠক হতে চলেছে বলে খবর। কলকাতা–হাওড়ার পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলবেন কমিশনের আধিকারিকরা। এখানে প্রশাসনিক প্রস্তুতি কীরকম, তা খতিয়ে দেখতে চায় আধিকারিকরা।

এই বৈঠককে বলা হয় ফার্স্ট লেভেল চেকিং। পুরভোট নিয়ে যাতে কোনও রাজনৈতিক দল আদালতের দ্বারস্থ না হয়, সেসবের ব্যবস্থাও করা হচ্ছে। আজকের এই বৈঠকে নানান বিষয় নিয়ে প্রশ্ন তুলে ধরবে রাজ্য নির্বাচন কমিশন।

আর সেসবের জবাব দিতে হবে রাজ্য প্রশাসনকে। এই পর্ব মিটলে রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করবে বলে খবর।  নানান রাজনৈতিক দলগুলিও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই কারণে কমিশনও বিষয়টি নিয়ে দ্রুত কাজ সেরে ফেলতে চাইছে।

RELATED Articles