গত ১৬ই আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় দফা। চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি। এর জেরে ভিড়ও হচ্ছে মাত্রাতিরিক্ত। এবার তাই এই ‘দুয়ারে সরকার’ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
নবান্নের তরফে বলা হয়েছে যে করোনা পরিস্থিতিতে ভিড় কমাতে প্রয়োজনে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। একটি ক্যাম্পে যাতে চারশো-পাঁচশোর বেশি মানুষ না থাকে সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নের তরফে বলা হয়েছে যে ভিড় কমানোর জন্য প্রয়োজন শিবিরের সংখ্যা বাড়ানো। আর এর জন্য ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল, বৃহস্পতিবার করোনা আবহ নিয়ে আলোচনার পাশাপাশি এই বিষয় নিয়েও আলোচনা করেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। সেখানেই ভিড় কমানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- দলীয় কর্মীকে হামলা, পিটিয়ে খুন, পুলিশের জালে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা
নানান জায়গা থেকে ‘দুয়ারে সরকার’-এর নানান ক্যাম্পের যে চিত্র উঠে এসেছে, তা বেশ উদ্বেগজনক। অনেক জায়গাতেই ভিড়ের জেরে পদপিষ্ট হয়েছে একাধিক মানুষ। এরই মধ্যে রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অংশ হতে চাইছেন আবার বহু মানুষ। এই কারণে ভিড় কমানোর জন্য ব্যবস্থা নিতে উদ্যত সরকার। এই বিষয়ের উপর জেলাশাসকদেরও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি হাওড়া ও মালদহের ভিড়ের চিত্র দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রয়োজনে শিবিরের সংখ্যা দ্বিগুণ বা চারগুন করারও নির্দেশ মিলেছে। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করতেই হবে। গ্রামের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের তিনটি করে গ্রাম সংসদ এবং শহরের ক্ষেত্রে কিছু বুথভিত্তিক কাউন্টার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।





