ফের বন্ধ হওয়ার পথে লোকাল ট্রেন, সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

ক্রমেই মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। ধীরে ধীরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর জেরে ফের লোকাল ট্রেন বন্ধ করার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার। এর সম্ভাবনা প্রবল। নবান্ন সূত্রের খবর, ফের কড়া বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যে। জিম, রেস্তোরাঁ, সুইমিং পুল, বারে ঝুলতে পারে তালা।

উৎসবের মরশুমে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে দেখা দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। এই নতুন ভ্যারিয়েন্টেও এই রাজ্যে বেশ কিছু মানুষ সংক্রমিত। এমন পরিস্থিতিতে বাংলায় ফের নতুন করে কড়াকড়ি করা হতে পারে।

গত কয়েকদিন সংক্রমণ বেশ বেড়েছে। গত সোমবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ৭৫২। বুধবার তা আরও বেড়ে পৌঁছয় ১,০৮৯-এ। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২,১২৮।

বছরের শেষদিনে অর্থাৎ গতকাল, শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩,৪৫১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। গতকাল শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ছিল ২,০০০।

তবে কী ধরণের বিধিনিষেধ আরোপ হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। কিছুদিন আগেই গঙ্গাসাগরে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখনই সম্পূর্ণভাবে সবকিছু বন্ধ করে দেওয়া হবে না। যদি কোনও বিধিনিষেধ আরোপ করাই হয়, তাহলে ছোটো ছোটো কনটেনমেন্ট জোন করে করা হবে।

গঙ্গাসাগরে সফরে গিয়েই লোকাল ট্রেন নিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে “এই মেলা মিটে যাক, তারপর যা করার কোরো”। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গঙ্গাসাগরে যারা আসবেন, তারা মূলত লোকাল ট্রেনেই আসবেন। তবে এর পাশাপাশি তিনি এও বলেন যে লোকাল ট্রেনে করোনা বেশি ছড়ায়।

RELATED Articles