ট্যাক্স দিলেই জরিমানা মকুব, বর্ষবরণের আগেই গাড়ির মালিকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার

বর্ষবরণের আগে গাড়ির মালিকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। যে সমস্ত গাড়ির ট্যাক্স বকেয়া রয়েছে, সেই গাড়ির মালিকদের জন্য এবার দারুণ অফার দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। কর জমা দেওয়ার ক্ষেত্রে দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, বর্তমানে প্রায় সাড়ে ১২ লক্ষ গাড়ি এমন রয়েছে, যারা ট্যাক্স জমা করেনি। আবার অনেক গাড়িরই ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করা হয়নি। সেই কারণে মোটা টাকা জরিমানা জমেছে। এবার সেইসব গাড়ির মালিকদের স্বস্তি দিল রাজ্য পরিবহণ দফতর।

কী ছাড় দেওয়া হয়েছে?

জানা গিয়েছে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বকেয়া মূল করের টাকা জমা দেওয়া হয়, তাহলে কোনও জরিমানা লাগবে না। ১০০ শতাংশ জরিমানা মকুব করে দেওয়া হবে। তবে শুধুমাত্র ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্তই এই সুযোগ থাকবে।

শুধু তাই-ই নয়, যে সমস্ত গাড়ির ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করা বাকি রয়েছে, তারা যদি ৩০ জানুয়ারির মধ্যে ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করিয়ে নেন, তাহলেও জরিমানা ১০০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি মাসে ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করাতে গেলে জরিমানার উপর ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য পরিবহণ দফতরের তরফে।

এই বিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এই সুযোগ দিচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ও অনুমোদনক্রমে নতুন বছরের উপহার হিসেবে এই সাড়ে ১২ লাখ গাড়িকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। দু’মাসের জন্য (জানুয়ারি ও ফেব্রুয়ারি) মাসের জন্য গাড়ির মালিকরা এই সুযোগ পাবেন”।

সরকারের এই নতুন  সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকরা উপকৃত হবেন। অন্যদিকে, সরকারের তরফে ছাড়ের ঘোষণা করায় অধিকাংশই এই সুযোগ কাজে লাগাতে পারেন বলে মনে করা হচ্ছে। এমনটা হলে সরকার কর বাবদ এক ধাক্কায় অনেক টাকা আদায় করতে পারে বলে মনে করা হচ্ছে।  

RELATED Articles