বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুতে নয়া মোড়, পকেটে মিলল সুইসাইড নোট, তদন্ত করছে সিআইডি

উত্তর দিনাজপুরের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু রহস্যের সমাধান করতে তদন্তের ভার নিল সিআইডি। এছাড়াও জানা গিয়েছে যে বিজেপি বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে মৃত্যুর জন্য দু’জনকে দায়ী করা হয়েছে। সোমবার সকালে রায়গঞ্জের বালিয়া থেকে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর হাত বাঁধা ছিল। পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে। এই একই দাবি করেছে বিজেপি। তাদের দাবি যে এই খুনের সঙ্গে জড়িত রয়েছে শাসক শিবির কারণ ২০১৯ সালে সিপিআইএম থেকে তৃণমূলে না গিয়ে বিজেপি-তে এসেছিলেন এই বিধায়ক। বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষও মন্তব্য করেন যে সম্ভবত রাজনৈতিক কারণেই খুন হয়েছেন এই বিজেপি বিধায়ক।

বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল কিন্তু ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে তাঁর মৃত্যুর জন্য দু’জনকে দায়ী করা হয়েছে। ওই সুইসাইড নোটটি বিধায়কের লেখা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, সুইসাইড নোটে যে দু’জনের নাম ছিল তাদের সঙ্গে বিধায়কের আর্থিক লেনদেনের কোন সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে স্নিফার ডগ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
এদিকে, বিধায়কের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।

RELATED Articles

Leave a Comment