বিজেপির (BJP) মধ্যে তৃণমূলের চর রয়েছে, এই বিষয় নিয়ে বিতর্ক ছড়াতেই এবার এক বিস্ফোরক দাবী করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি দাবী করে বলেন যে তৃণমূলের (TMC) মধ্যেও বিজেপির চর রয়েছে। আর তাঁর এহেন মন্তব্যে যেন বিতর্কের আগুনে ঘি পড়েছে। এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও।
গতকাল, রবিবার জগন্নাথ সরকারের অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন সুকান্ত মজুমদারকে। সেই জবাবে তিনি বলেন, “সব দলেই অন্যদলের লোক ঢোকানো থাকে। তৃণমূলেও আমাদের লোক রয়েছে। যারা আমাদের খবর দেয়। জগন্নাথবাবু আমাদের সিনিয়র নেতা। ওনার সঙ্গে কথা বলব। ওনার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে”।
এই বিষয়ে সুকান্ত মজুমদারের দাবী সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের তরফে পাল্টা দাবী করে বলা হয় যে বিজেপির সংগঠন এখন পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে। বিজেপির ৮০ শতাংশ নেতা-কর্মীই এখন তৃণমূলে ফিরতে চান। তাই সুকান্ত মজুমদার এমন মন্তব্য করে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেই দাবী ঘাসফুল শিবিরের।
এই নিয়ে সিপিএমের দাবী, ‘আরএসএস-র নীতিই সব দলেতাদের লোক থাকবে। ফলে তৃণমূলে ওদের লোক থাকবে এতে অস্বাভাবিক কিছু নেই। তাই তো তৃণমূল – বিজেপির এত বোঝাপড়া। মানুষ সব বুঝতে পারে”।
বলে রাখি, গত শনিবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবী করে বলেন, “দলে তৃণমূলের চর রয়েছে। দলে অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব থাকায় তারা তৃণমূলকে খবর পাচার করছে”। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তিনি।





