এবার ভারতীয় নোটে দেখা যাবে রবীন্দ্রনাথ, আবদুল কালামের ছবি, বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

অনেককাল ধরেই অনেকেই দাবী তুলে এসেছে যাতে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার করা হয়। তবে সরকারের তরফে মহাত্মা গান্ধীর ছবি বদলানোর কোনও আভাস অবশ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক ইওফ ইন্ডিয়ার তরফে একটি বড়সড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

আরবিআই আভাস দিয়েছে যে মহাত্মা গান্ধীর পাশাপাশি ভারতীয় মুদ্রায় এবার মনীষীদের ছবিও ছাপা হতে পারে। এই মনীষীদের নামের তালিকায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আবদুল কালামের নাম। জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক ও সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই নিয়ে প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে।

কাগজের নোটে এই দু’জন মনীষীদের নামই কেন বেছে নেওয়া হল, তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু তথ্য মেলেনি। তবে সূত্রের খবর, স্বাধীনতা আন্দোলনের সময় ও স্বাধীনতার পর দেশের জন্য বিশেষ ভূমিকা পালনকারী নানান মহান ব্যক্তিদের ছবি ছাপানোর চিন্তাভাবনাও নাকি চলছে। স্বাধীনতার ৭৫তম বর্ষে এমন উদ্যোগ যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

তবে এর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কী না, তা অনেকেই প্রশ্ন তুলছেন। আসলে অনেকেরই ধারণা দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের প্রাতঃস্মরণীয় মুখগুলি নতুন ভারতের নতুন মুদ্রায় ফুটে উঠবে পরবর্তীতে। তাই একাংশের ধারণা, বিতর্ক এড়াতে ও আগামী দিনে সম্ভাব্য প্রতিকূলতা সামলাতে অন্যান্য মনীষীদের ছবি ছাপার সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে সরকার।  

বলে রাখি, ইতিমধ্যেই দেখা গিয়েছে দলের অনেক প্রয়াত ও চর্চিত ব্যক্তিদের নামে কেন্দ্রীয় সরকার নানান প্রকল্প চালু করেছে। স্বাধীনতার পরও দেশে ব্রিটিশ সরকারের চালু করা নোটই চলত। ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রথম ১০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি বসায়। এই নিয়ে সমস্যা কিছু কম হয়নি। তবে সেই থেকে এখনও পর্যন্ত ভারতীয় নোটে অন্য কোনও মনীষীর ছবি স্থান পায়নি।

RELATED Articles

Leave a Comment