‘পড়াশোনা করে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যায় না, পুড়লে চাকরি পাওয়া যায়’, ফের একবার মমতা সরকারকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

বগটুই গণহত্যাকাণ্ডে মৃতদের পরিজনদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, গতকাল, সোমবার নবান্নে তাদের হাতে চাকরির চিঠি তুলে দেন তিনি। এই নিয়ে এবার মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, “পশ্চিমবাংলায় পড়লে চাকরি পাওয়া যায় না, পুড়লে চাকরি পাওয়া যায়”।

বালিগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বলেন, “আরও একবার প্রমাণিত হল পশ্চিমবাংলায় পড়লে চাকরি পাওয়া যায় না, পুড়লে চাকরি পাওয়া যায়। যারা পড়াশোনা করে সফল হয়েছিলেন তারা রাস্তায় বসে আন্দোলন করছেন”।

এর পাশাপাশি তিনি সংখ্যালঘুদের সতর্ক করে এও বলেন যে তৃণমূল যদি ক্ষমতায় থাকে, তাহলে যবগটুই কাণ্ডের মতো আরও অনেক ঘটনা ঘটবে পরবর্তীতে। তাঁর কথায়, “বালিগঞ্জে প্রচুর সংখ্যালঘু ভোট আছে। এ কারণে গতবার বিজেপি বেশি ভোট পায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুরা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের হাতে পড়লে বগটুইয়ের মতো জ্বলে-পুড়ে মরতে হবে”।

সুকান্ত মজুমদারের এমন মন্তব্যের কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিজেপি রাজ্য সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, “আমি শুনেছিলাম উনি পেশায় অধ্যাপক। যে বিষয়টা বিচারাধীন রয়েছে তাও আবার সিবিআই তদন্ত করছে তার পরেও তিনি কীভাবে এই ধরনের কথা বলতে পারেন তা আমার জানা নেই। বাংলায় সংখ্যালঘুরা কতটা ভাল আছে তা জানার পরেই তারা তৃণমূলকে বেশি বেশি ভোট দিয়ে প্রত্যেকটা নির্বাচনে জিতিয়েছে”।

তৃণমূল সাংসদের আরও দাবী, “গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলার সংখ্যালঘুরা অনেক বেশি ভাল আছে। পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে ভাল আছেন। সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাজ্য যদি থেকে থাকে সেটা হল পশ্চিমবঙ্গ। সেক্যুলার দল যদি থেকে থাকে তাহলে সেটা হল তৃণমূল কংগ্রেস এবং সারা ভারতের সবচেয়ে বড় সেক্যুলার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

RELATED Articles