‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পর এবার ‘ভয়ঙ্কর খেলা হবে’, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর

কিছুদিন আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। এবার তার মুখেই শোনা গেল, “ভয়ঙ্কর খেলা হবে”। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে রাজ্যের শাসক দলকে অনুব্রত মণ্ডলের ভঙ্গিমাতে হুঁশিয়ারি শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdr)। এই নির্বাচনে সরকারের ভরাডুবি হবে বলে আশা রাখছেন তিনি। এর পাল্টা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santanu Sen)।

আজ, শুক্রবার ব্যারাকপুর কমিশনারেট এলাকায় মিছিল ছিল বিজেপির। তাদের অভিযোগ, এই এলাকায় আইনশৃঙ্খলার দিনদিন অবনতি ঘটছে। লুটপাট, মারধরের মতো ঘটনা ঘটছে। অথচ পুলিশ তাতে আমল দিচ্ছে না বলেই অভিযোগ জানায় গেরুয়া শিবির।

এর প্রতিবাদেই ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর স্টেশন প্রাঙ্গণ থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে বিজেপি। সেখান থেকেই সুকান্ত বলেন, “খেলা একপক্ষের হয় না। খেলা হবে দু’পক্ষের। খেলা যখন হবে, তখন ভয়ঙ্কর খেলা হবে। বারবার দিল্লিতে ডাকা হচ্ছে। দিল্লিতে আসুন না। ওখানে আসলে রিমোট কন্ট্রোল আপনাদের হাতে থাকবে”।

সুকান্তর এহেন হুঁশিয়ারিকে ভালোভাবে নেয়নি তৃণমূল। তাঁকে পাল্টা শানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “সুকান্ত জানেন আগামী নির্বাচনে বিজেপি বাংলা থেকে হারিয়ে যাবে। তিনি নিজেও প্রাক্তন সাংসদ হয়ে যাবেন। মানসিক চাপ সামলাতে না পেরে এসব বলছেন”। সিপিএমের তরফে আবার অবশ্য সুকান্তকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। তৃণমূল নেতাদের দেখেই সুকান্ত এসব বলছেন বলে দাবী সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বলে রাখি, এই কিছুদিন আগেই সুকান্তর মুখে উঠে এসেছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নাম। রাজ্য সরকার মহিলাদের জন্য যেসমস্ত প্রকল্প শুরু করেছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে ৫০০ ও তফসালি ও তফসালি উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে পান। এই প্রকল্প নিয়ে এর আগে বিজেপির নানান নেতারা নানান কটাক্ষ করেছেন।

তবে সম্প্রতি সুকান্ত মজুমদার এই প্রকল্প সম্পর্কে এক ঘোষণা করেন। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৫০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা দেওয়া হব। এমনকি, তিনি এও বলেন যে ন্যূনতম ১০ হাজার টাকার বেতনের চাকরি দেওয়া হবে। এবার আজকের প্রতিবাদ সভাতেও ফের একবার সেকথা জানান তিনি।

RELATED Articles