‘হিন্দুরা যদি একজোট না হয়, তাহলে ক’দিন পর মা দুর্গার জায়গায় মুখ্যমন্ত্রীর পুজো করতে বলবে তৃণমূল’, শাসক দলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

চলছে দুর্গাপুজো। চারদিকে উৎসব আর আনন্দ। তবে এসবের মধ্যেও আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ কিন্তু জারি। এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের অনুষ্ঠান নিয়ে ছেলেখেলা করার অভিযোগ উঠল। এমনও অভিযোগ উঠল যে কিছুদিন পর হয়ত তৃণমূল মা দুর্গার বদলে মুখ্যমন্ত্রীর পুজো করতে বলেবে।

গতকাল, মঙ্গলবার সিউড়িতে শ্যামাপ্রসাদ স্মারক স্মৃতি সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোয় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন এই পুজোয় উপস্থিত থাকলেও পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর উদ্বোধন করেন নি তিনি। আর এই অনুষ্ঠান থেকেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।  

সুকান্ত মজুমদার বলেন, “প্রশাসন স্পষ্ট বলে দিয়েছে যে ৮৫ হাজার টাকা পেতে গেলে আরজি করের থিম করা যাবে না। এবং মুখ্যমন্ত্রীর সহাস্য ছবি লাগাতে হবে। এখন তো বাঙালির এমন অবস্থা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের ব্যানার দেখলাম বীরভূম জেলাতে ঢুকতে ঢুকতেই। সেসব জায়গায় মা দুর্গার মুখ ছোট, মুখ্যমন্ত্রীর মুখ বড় হয়ে গেছে”।

তাঁর কথায়, এরপর থেকে হয়ত মুখ্যমন্ত্রীরই পুজো হবে কোনওদিন। তিনি বলেন, “মা দুর্গার জায়গায় মনে হয় এরপর মুখ্যমন্ত্রীরই পুজো করতে বলবে তৃণমূল কংগ্রেসের নেতারা। বাঙালি হিন্দুর উৎসবের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের ছেলেখেলা বহুবার করেছেন। এখনও করছেন, কারণ হিন্দুরা একত্রিত নয়। যেদিন একত্রিত হবে সেদিন ভয়ে মুখ্যমন্ত্রী করবে না”।

আরও পড়ুনঃ বাড়ির দুর্গার বিসর্জন হয়েছে, মেয়ের জন্য সুবিচারের দাবী নিয়ে বাড়ির সামনেই ধর্নায় তিলোত্তমার মা-বাবা 

এখানেই শেষ নয়। এদিন মমতাকে আক্রমণ করে সুকান্ত আরও বললেন, “মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রতিবারই ইদের নমাজে আসি। উনি এটা বলতে বাধ্য হন। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে ভোট করেন। মুখ্যমন্ত্রীর পক্ষে এখন ভোট করছে তারা। সেরকম যখন হিন্দুরা একত্রিত হয়ে ভোট করবে তখন মাননীয়া মুখ্যমন্ত্রীও ছেলেখেলা করতে পারবে না পুজো আর্চা দিয়ে। অন্য ধর্মের পুজো আর্চাকে উনি সম্মান করছেন, আমরা বলছি খুব ভালো কথা। কিন্তু হিন্দু ধর্মের পুজো আর্চা সংস্কৃতিকেও আপনাকে সম্মান করতে হবে”।

RELATED Articles