‘পশ্চিমবঙ্গেই জঙ্গলরাজ চলছে, কিম জং উনকে একমাত্র মমতাই চ্যালেঞ্জ করতে পারেন’, কটাক্ষ সুকান্ত মজুমদারের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর কোরিয়ার স্বৈরাচারী নেতা কিম জং উনের তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ, সোমবার দলের রাজ্য সদর দফতরের এক সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন তিনি। এদিন তিনি এও বলেন যে পশ্চিমবঙ্গেই জঙ্গলরাজ চলছে।

ত্রিপুরায় তৃণমূল নেতাদের ওপর হামলা করা হয়েছে। আজ, সোমবার এমনই অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবী করেন যে সেখানে জঙ্গলরাজ চলছে।

এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে জবাবে সুকান্তবাবু বলেন, “ত্রিপুরায় নয়, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে”। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “পৃথিবীর ২টো জায়গার তুলনা করা যায়। একটা উত্তর কোরিয়া আরেকটা পশ্চিমবঙ্গ। কিম জং উনকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারেন তাহলে তিনি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী”।

আজ, সোমবার বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এই বিষয়ে ক্ষোভ জাহির করে সুকান্ত মজুমদার বলেন, “এই ধরণের বিক্ষোভ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। সারা দেশে কোথাও এরকম বিক্ষোভের নজির নেই। এই সব করে নিজেদের বিপদ নিজেরা ডাকছে তৃণমূল। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখাবো, তবে তৃণমূল পার্টি অফিসের সামনে নয়”।

RELATED Articles