সবই ধান্দাবাজির কারবার, নির্বাচনে হেরে ক্ষমতার মধু খুঁজতে তৃণমূলের হয়ে সুর গাইছেন সুনীল মণ্ডল, ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা শ্যাম রায়

শুভেন্দু অধিকারীর কথাতে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ সুনীল মণ্ডল। এদিকে এখন তিনি দাবি করেছেন, কোনদিনই বিজেপির সদস্য পদ গ্রহণ করেননি। হঠাৎ তার এই ভোল বদলে ক্ষোভ প্রকাশ করলেন বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্যাম রায়।

চলতি বছরের বিধানসভা ভোটের আগে দিয়েই একদল থেকে আরেক দলে যোগ দেওয়ার কারবার জারি ছিল। এখনও মাঝেমধ্যেই বিভিন্ন সদস্য অন্য সুরে গান গাইছেন। নির্বাচনে হারার পর, এবার সুর বদলেছে সুনীল মন্ডলেরও।

কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে মুকুল রায়ের বাড়িতে দেখা করে এসেছেন সুনীল। সম্প্রতি পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করছেন বিরোধী দলগুলি। সোমবার সংসদে এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন তৃণমূল সাংসদরাও। সুনীল মন্ডল জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন। আর চিরকাল তৃণমূল কংগ্রেসেই থাকবেন। এই মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছেন। এদিন সুনীল মণ্ডলের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনীতিতে।

বিজেপি নেতা শ্যাম রায় সংবাদমাধ্যমের কাছে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন। তিনি বলেন, ‘উনি একজন চিটিংবাজ, ধান্দাবাজ লোক। ভোটের আগে সুবিধা পেতে বিজেপি যোগ দিয়েছিলেন। এই লোকেদের জন্যই নির্বাচন হারতে হয়েছে দলকে।’ তিনি বলেন, ‘মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, এরকম লোকও ক্ষমতার মধু ছাড়া বাঁচতে পারে না। ভোটের আগে এদেরই জ্ঞান শুনতে হয়েছে। এবার বুঝবে কেন্দ্রীয় নেতারা।’

এই বিষয়ে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, কারোর দলে ফেরা ঠিক করবেন দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অন্য কারোর কোন মতামত খাটবে না। নির্বাচনে বিজেপি হারার পর থেকেই, সুর বদলে গিয়েছিল সুনীল মন্ডলের। এমনকি হেরে যাওয়ার পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন। এখন ফের দলে ফিরতে চাইছেন তিনি। সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর